নিজস্ব প্রতিবেদক:
ইউনিলিভার গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান এবং দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেড (ইউসিএল)-এর কোম্পানি সেক্রেটারি হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার শারমিন আক্তার। এই নিয়োগের মাধ্যমে তিনি বাংলাদেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত কোনো বহুজাতিক প্রতিষ্ঠানের প্রথম ও একমাত্র নারী কোম্পানি সেক্রেটারি হিসেবে নতুন ইতিহাস গড়লেন।
মঙ্গলবার (২৮ জুলাই) ব্যারিস্টার শারমিন আক্তার নিজেই ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বর্তমানে তিনি ইউনিলিভার বাংলাদেশ-এ সিনিয়র লিগ্যাল কাউন্সিল হিসেবে দায়িত্ব পালন করছেন। করপোরেট গভর্ন্যান্স, রেগুলেটরি কমপ্লায়েন্স, করপোরেট আইন, ঝুঁকি ব্যবস্থাপনা, মামলা পরিচালনা এবং ব্যবসায়িক পরামর্শ প্রদানে তার রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা।
নতুন দায়িত্বে কোম্পানি সেক্রেটারি হিসেবে তিনি পরিচালনা পর্ষদকে নীতিগত ও আইনি সহায়তা প্রদান করবেন। পাশাপাশি করপোরেট গভর্ন্যান্সের কার্যক্রম তদারকি এবং প্রযোজ্য আইন ও নিয়ন্ত্রক সংস্থার বিধি-বিধান যথাযথভাবে অনুসরণ নিশ্চিত করার দায়িত্বও পালন করবেন।
ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসের ব্যারিস্টার-অ্যাট-ল এবং বাংলাদেশের সুপ্রিম কোর্টের আইনজীবী শারমিন আক্তারের রয়েছে ১৫ বছরেরও বেশি সময়ের পেশাগত অভিজ্ঞতা। বেসরকারি আইনচর্চা এবং বহুজাতিক প্রতিষ্ঠানে কাজের মাধ্যমে তিনি জটিল বাণিজ্যিক লেনদেন, প্রতিযোগিতা আইন, ডেটা প্রাইভেসি, করপোরেট গভর্ন্যান্স এবং কৌশলগত ব্যবসায়িক সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ আইনি পরামর্শ দিয়ে আসছেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই নিয়োগ শুধু ব্যক্তিগত অর্জন নয়; বরং দেশের করপোরেট খাতে নারী নেতৃত্ব, সুশাসন ও অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থাপনা শক্তিশালী করার ক্ষেত্রেও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেডের এই পদক্ষেপ প্রতিষ্ঠানটির বৈচিত্র্য ও নেতৃত্বে নারীর অংশগ্রহণ বাড়ানোর প্রতিশ্রুতিকেও আরও দৃঢ় করেছে।