২০৩১ বিশ্বকাপকে সামনে রেখে পূর্বাচল স্টেডিয়ামে নতুন পরিকল্পনা, দ্রুত শুরু হবে এক্সিলেন্স সেন্টারের কাজ

বাংলাদেশে অনুষ্ঠিতব্য ২০৩১ সালের আইসিসি ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে পূর্বাচল ক্রিকেট স্টেডিয়াম নিয়ে বিশেষ পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি সভাপতি তামিম ইকবাল জানিয়েছেন, এই ভেন্যুকে বিশ্বমানের করে তুলতে সরকারের সহযোগিতা প্রয়োজন হবে এবং এ বিষয়ে ইতিবাচক সাড়া পাওয়া যাবে বলে তিনি আশাবাদী।

বিসিবির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তামিম বলেন, “স্টেডিয়ামের জন্য সম্ভবত সরকারের অর্থায়ন প্রয়োজন হবে। ২০৩১ সালে বাংলাদেশে ওয়ানডে বিশ্বকাপ আয়োজন দেশের জন্য অত্যন্ত গর্বের বিষয়। বিশ্বকাপের আয়োজক হওয়ার জন্য যখন বিড করা হয়েছিল, তখন থেকেই পূর্বাচল স্টেডিয়াম পরিকল্পনার অংশ ছিল। তাই সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে বলে আমি বিশ্বাস করি।”

তিনি আরও জানান, পূর্বাচলে ক্রিকেট এক্সিলেন্স সেন্টার নির্মাণের অনুমোদন ইতোমধ্যেই দেওয়া হয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ করে খুব শিগগিরই নির্মাণকাজ শুরু হবে।

তামিম বলেন, পূর্বে যে স্টেডিয়ামের নকশা করা হয়েছিল, সেটি বর্তমান বোর্ডের দীর্ঘমেয়াদি পরিকল্পনার সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয়। তাই আধুনিক চাহিদা ও ভবিষ্যৎ পরিকল্পনা মাথায় রেখে নতুন করে নকশা প্রণয়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, সর্বশেষ ২০১১ সালে ভারত ও শ্রীলঙ্কার সঙ্গে যৌথভাবে ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করেছিল বাংলাদেশ। দুই দশক পর আবারও ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই আসরের আয়োজক হতে যাচ্ছে বাংলাদেশ। সেই লক্ষ্যেই পূর্বাচল স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের ভেন্যু হিসেবে গড়ে তোলার প্রস্তুতি শুরু করেছে বিসিবি।