নিজস্ব প্রতিবেদক:
কারাবন্দিদের আদালতে আনা-নেওয়ার সময় ধারণ করা ছবি ও ভিডিও এবং কারাগারের অভ্যন্তরের বিভিন্ন দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে দেশের বিভিন্ন কারাগারে কর্মরত ৫০ জন কারারক্ষীকে তলব করেছে কারা অধিদপ্তর। একই সঙ্গে তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তও শুরু হয়েছে।
কারা অধিদপ্তর সূত্রে জানা গেছে, দাপ্তরিক বিধিনিষেধ অমান্য করে ফেসবুকসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে কারাগার-সংক্রান্ত ছবি, ভিডিও ও তথ্য প্রকাশের অভিযোগের প্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
তলবকৃত নারী ও পুরুষ কারারক্ষীরা রাজশাহী, চট্টগ্রাম, কাশিমপুর, ময়মনসিংহ, সিলেট, যশোর, বরিশাল, কুমিল্লা, নীলফামারী, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, মুন্সীগঞ্জ এবং কাশিমপুর নারী কেন্দ্রীয় কারাগারসহ দেশের বিভিন্ন কারাগারে কর্মরত।
নির্দেশনা অনুযায়ী, রোববার (২ আগস্ট) সকাল ৯টায় তাদের কারা অধিদপ্তরের সম্মেলন কক্ষে উপস্থিত হয়ে ঘটনার বিষয়ে ব্যাখ্যা দিতে হবে। এরপর পর্যায়ক্রমে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।
কারা অধিদপ্তরের কারা গোয়েন্দা বিভাগ জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের সরকারি নির্দেশনা উপেক্ষা করে কয়েকজন কারারক্ষী কারাগারের ভেতরের সংবেদনশীল ছবি, ভিডিও ও তথ্য প্রকাশ করেছেন। বিষয়টি কারা নিরাপত্তা এবং সরকারি চাকরির শৃঙ্খলার জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এ কারণে ঘটনার প্রকৃত সত্য উদঘাটনে তদন্ত শুরু হয়েছে।
এ বিষয়ে কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) জান্নাত-উল-ফরহাদ বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কারাগার-সংক্রান্ত ছবি ও ভিডিও প্রকাশের অভিযোগে ৫০ জন কারারক্ষীকে তলব করা হয়েছে। তাদের কাছ থেকে ব্যাখ্যা নেওয়ার পাশাপাশি তদন্তের ফলাফলের ভিত্তিতে প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।