মো. মনজুর ই মওলা সাব্বির ,নাটোর জেলা সংবাদদাতা : নাটোরের গুরুদাসপুরে প্রকাশ্যে অস্ত্র ঠেকিয়ে ডাকাতি, গরু চুরি ও ছিনতাইয়ের মত অপরাধ প্রবনতা বেড়ে যাওয়ায় জনমনে আতঙ্ক বিরাজ করছে| এর সাথে পুলিশের একজন এসআই-এর ওপর ছিনতাই এবং সরকারি কোয়ার্টারে হাত-পা বেঁধে ডাকাতির মতো ঘটনাও ঘটেছে| বুধবার ভোর ৪টার দিকে গুরুদাসপুর পৌর এলাকায় একই দিনে পৃথক ৩টি ছিনতাইয়ের ঘটনায় জনমনে আতঙ্কের মাত্রা বাড়িয়েছে আরও বেশি| পৌর সদরের খামারনাচকৈড় সরকারি জোহা কলেজের সামনে ও রোকেয়া মোড় এলাকায় একই কায়দায় এই ছিনতাইয়ের ঘটনাগুলো ঘটে| স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে ভ্যানযোগে নয়াবাজার হাটে রসুন ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে যাচ্ছিলেন চাঁচকৈড় তালুকদার পাড়ার আনছু প্রামাণিক ও জাহের শাহ| জোহা কলেজের সামনে পৌঁছালে মুখে গামছা পেঁচানো একদল ছিনতাইকারী চাপাতি ঠেকিয়ে তাঁদের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়| একই স্থানে ছিনতাইয়ের শিকার হন চাঁচকৈড় মধ্যমপাড়া মসজিদের ইমাম মো. মোবিদুল ইসলাম মুবিন| ফজরের নামাজের জন্য মসজিদে যাওয়ার পথে তাঁর কাছ থেকেও টাকা ও মোবাইল কেড়ে নেওয়া হয়| এছাড়া ফজরের নামাজের পর রোকেয়া মোড় এলাকায় হাঁটতে বের হওয়া এক নারীর গলায় চাপাতি ঠেকিয়ে তাঁর ¯^র্ণের চেইন নিয়ে যায় দুর্বৃত্তরা| এলাকাবাসীর দাবি, সাম্প্রতিক সময়ে পৌর এলাকায় অপরাধের মাত্রা উদ্বেগজনকভাবে বেড়েছে| গত কয়েক দিনে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, ছয়টি গরু চুরি, শিক্ষকদের কাফনের কাপড় পাঠানো, পুলিশের এক এসআই-এর ওপর ছিনতাই এবং সরকারি কোয়ার্টারে হাত-পা বেঁধে ডাকাতির মতো ঘটনা ঘটেছে| এসব ঘটনায় স্থানীয় বাসিন্দারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে এলাকাবাসি জানায়| এ বিষয়ে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল আলম জানান, “পুলিশ নিবিড়ভাবে বিষয়টি পর্যবেক্ষণ করছে এবং মাঠে কাজ করছে| খুব শিগগিরই জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হবে|” ঘটনার পরিপ্রেক্ষিতে ৫ মে স্থানীয় সংসদ সদস্য আব্দুল আজিজের উপস্থিতিতে একটি বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়| সভায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি বলে এলাকাবাসীর অভিযোগ|