প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকারের প্রস্তাবিত বাজেটকে ঘিরে বিরোধী দলের সমালোচনা বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। তিনি দাবি করেন, এবারের বাজেটে সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন, কৃষি খাতের অগ্রগতি, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ এবং নারী শিক্ষার উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। অথচ কিছু মহল জনগণের কল্যাণমূলক দিকগুলো উপেক্ষা করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে।
শনিবার (১৩ জুন) কক্সবাজার সদর উপজেলার পিএমখালী এলাকায় ঐতিহাসিক পাতলী খালের পুনঃখনন কার্যক্রম উদ্বোধনকালে আয়োজিত পথসভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, নতুন বাজেটে ৬০টি নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর কর কমানো হয়েছে, ফলে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হবে না। বরং জনস্বাস্থ্যের কথা বিবেচনায় রেখে শুধু মদ ও তামাকজাত পণ্যের ওপর কর বৃদ্ধি করা হয়েছে।
প্রধানমন্ত্রী জানান, কৃষকদের সহায়তায় প্রতিটি জেলায় হাজার হাজার কৃষককে কৃষি কার্ড প্রদান করা হবে এবং তাদের জন্য নগদ প্রণোদনার ব্যবস্থাও রাখা হয়েছে। একই সঙ্গে নারী শিক্ষার প্রসারে স্নাতক ও ডিগ্রি পর্যায় পর্যন্ত বিনামূল্যে শিক্ষার সুযোগ সম্প্রসারণের পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।
স্বাস্থ্য খাতের বিষয়ে তিনি বলেন, হৃদরোগ ও কিডনি রোগীদের চিকিৎসা ব্যয় কমাতে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ও ওষুধের ওপর আরোপিত কর প্রত্যাহার করা হয়েছে। এছাড়া গ্রামীণ জনগণের জন্য স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে বিশেষ বরাদ্দ রাখা হয়েছে।
পাতলী খালের পুনঃখনন প্রকল্পকে কৃষি ও গ্রামীণ অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এই প্রকল্প বাস্তবায়িত হলে হাজারো কৃষক সরাসরি উপকৃত হবেন এবং কৃষি উৎপাদন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে।
তিনি আরও বলেন, “দেশের মালিক কোনো রাজনৈতিক দল নয়, দেশের ২০ কোটি মানুষ। তাদের কল্যাণ ও উন্নয়ন নিশ্চিত করাই সরকারের প্রধান দায়িত্ব।