আগামীতে পাইলটিং স্কিমের মাধ্যমে রোগীদের সেবা দেয়া হবে প্রতিটা ঘরে ঘরে আমাদের লোক গিয়ে প্রাথমিক চিকিৎসা সেবা দিবে : স্বাস্থ্যমন্ত্রী

মো: জসিম উদ্দিন : স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন বলেছেন, আগামীতে পাইলটিং স্কিমের মাধ্যমে রোগীদের সেবা দেয়া হবে। প্রতিটা ঘরে ঘরে আমাদের লোক গিয়ে প্রাথমিক চিকিৎসা সেবা দিবে। এরপর যদি মনে করে হাসপাতালে নিতে হবে তবেই একজন রোগীকে হাসপাতালে এসে চিকিৎসা নিতে হবে। এভাবে দেশব্যাপী সকলের চিকিৎসা ব্যবস্থাকে সহজ করার পরিকল্পনা রয়েছে বর্তমান সরকারের। গতকাল শনিবার বিকেলে নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ মিলনায়তনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীর নিজ তহবিল থেকে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, বিগত সরকার দুর্নীতি করে দেশের অর্থ বিদেশে পাচার করেছে। আমরা একটি ব্যতিক্রম ধর্মী সরকার চালাচ্ছি। দলমত নির্বিশেষে সকল মানুষের সেবা করতে চাই আমরা। সরকারী সুবিধা পেতে এখন আর কাউকে ঘুষ দিতে হয় না। আমাদের প্রধানমন্ত্রীর কড়া নির্দেশ সকলকে দুর্নীতির উর্ধ্বে থাকতে হবে। আদ্ দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ কোটি কোটি টাকা নিয়ে আমার পিছনে ঘুরেছে, কিন্তু শেষ রক্ষা হয়নি, লাইসেন্স বাতিল করে দিয়েছি। জামায়াতের নেতারা আজ আদ্ দ্বীনের পক্ষে কথা বলছে। মন্ত্রী বলেন, চায়নার সহযোগিতায় আমরা তিন হাজার বেডের দুইটি বিশেষায়িত হাসপাতাল করতে যাচ্ছি। যেখানে শিশু ও নারীদের চিকিৎসা সেবার জন্য বিশেষ ব্যবস্থা থাকবে। চারটি ভাগে বিভক্ত করে হাসপাতালে রোগীদের সেবা দেওয়া হবে। মুমূর্ষু রোগীদের জরুরী চিকিৎসার জন্য চারটি হেলিকপ্টারের ব্যবস্থা করা হচ্ছে। আগামী পাঁচ মাসে দেশে আরো পাঁচটি শিশু হাসপাতাল উদ্বোধন করা হবে। পরে মনোহরদী পৌরসভা ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের দুই শতাধিক দরিদ্র ও অসহায় লোকদের মাঝে মোট দশ লক্ষ টাকার অনুদানের চেক ও নগদ টাকা বিতরণ করেন। মন্ত্রী শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও উপজেলা পরিষদ প্রাঙ্গনে বৃক্ষ রোপণ করেন। এসময় উপস্থিত ছিলেন, মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজীব মিয়া, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর বাদশা, পৌর বিএনপির সদস্য সচিব এ্যাড আবদুল হান্নান, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোহাম্মদ মনিরুজ্জামান, সদস্য মো: মোস্তফা কামাল, গোলাম মোস্তফাসহ আরো প্রবীণ বিএনপি নেতাগণ ।