স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বলেছেন, রাণীরহাট থেকে বগুড়া মহানগর হয়ে মেট্রোরেলের আদলে ট্রেন গাবতলী পর্যন্ত চলাচল করবে। বগুড়াবাসীর দীর্ঘদিনের দাবি ছিল এই নগরকে যানজটমুক্ত করা। এটি বাস্তবায়ন হলে যানজট থাকবে না। নগরবাসীর আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। শহরে অপ্রয়োজনীয় ভাঙচুর না করে কীভাবে উন্নয়ন বাস্তবায়ন করা যায়। সে লক্ষ্যেই পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। একই সঙ্গে গাবতলীতে চার লেনের বাইপাস, বগুড়া-নওগাঁ এবং মোকামতলা-জয়পুরহাট মহাসড়ক ছয় লেনে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। শুক্রবার (১২ জুন) সকাল ১১টায় বগুড়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি বগুড়া প্রেসক্লাবের নবনির্মিত ভবন পরিদর্শন করেন। প্রতিমন্ত্রী বলেন, বগুড়ায় একটি বহুমাত্রিক আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। সেখানে পাইলট ট্রেনিং সেন্টার, আন্তর্জাতিক মানের শিক্ষা প্রতিষ্ঠান, কার্গো সুবিধা, যুদ্ধবিমান পরিচালনার অবকাঠামো এবং বিমানঘাঁটি স্থাপনের পরিকল্পনা রয়েছে। প্রধানমন্ত্রী চান কোলাহলমুক্ত প্রাকৃতিক পরিবেশে মহানগরের বাইরে একটি আধুনিক বগুড়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে। বিশ্ববিদ্যালয়টিতে সাধারণ শিক্ষার পাশাপাশি কৃষি, প্রকৌশল, চিকিৎসা ও বিজ্ঞান অনুষদ থাকবে। এ সংক্রান্ত প্রস্তাব আগামী সপ্তাহে মন্ত্রিপরিষদ বিভাগে উপস্থাপন করা হবে। তিনি আরও বলেন, বগুড়ায় আন্তর্জাতিক মানের ফুটবল স্টেডিয়াম নির্মাণ করা হবে। পাশাপাশি বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ ও বগুড়া ওয়াসা গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রায় সাড়ে ১২ হাজার কোটি টাকা ব্যয়ে সিরাজগঞ্জ-বগুড়া রেলপথ নির্মাণ প্রকল্প আগামী সপ্তাহে একনেক সভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। ইতোমধ্যে ভূমি অধিগ্রহণের জন্য ২২’শ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। মীর শাহে আলম জানান, বগুড়াসহ সারাদেশে সুষম ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে বিএনপি সরকার ধারাবাহিকভাবে মেগা প্রকল্প বাস্তবায়ন করছে। বগুড়া বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদের উন্নয়নে ২৫ কোটি টাকা দেয়া বরাদ্দ হয়েছে। তিনি বলেন, বিএনপি সরকার সংবাদপত্রের অবাধ স্বাধীনতা নিশ্চিত করেছে। তবে সেই স্বাধীনতার দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি। বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম. আর. ইসলাম স্বাধীন। এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাস ও সাধারণ সম্পাদক এস এম আবু সাঈদ প্রমুখ। সভায় বগুড়া প্রেসক্লাবের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ১ কোটি টাকা অনুদান ঘোষণা করেন প্রতিমন্ত্রী।