আশুরার তাজিয়া মিছিলে ধারালো অস্ত্র ও আতশবাজি নিষিদ্ধ, ডিএমপির কঠোর নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক: পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে অনুষ্ঠিতব্য তাজিয়া মিছিলকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। জননিরাপত্তা নিশ্চিত করতে মিছিলে দা, ছোরা, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি, লাঠিসহ যেকোনো ধরনের ধারালো বা আঘাতকারী বস্তু বহন সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে আতশবাজি ও পটকা ফোটানোর ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী শুক্রবার (২৬ জুন) পবিত্র আশুরা উপলক্ষে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় তাজিয়া মিছিল অনুষ্ঠিত হবে। অতীতের অভিজ্ঞতায় দেখা গেছে, কিছু ব্যক্তি মিছিলে ধারালো অস্ত্র ও বিভিন্ন আঘাতকারী সামগ্রী নিয়ে অংশ নেওয়ায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে ধর্মীয় অনুষ্ঠানকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হওয়ার পাশাপাশি জনশৃঙ্খলা ও নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দেয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মহররম মাসে আশুরা উপলক্ষে অনেক স্থানে আতশবাজি ও পটকা ফোটানোর প্রবণতা লক্ষ্য করা যায়, যা ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শোকাবহ পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এ ধরনের কর্মকাণ্ডও জননিরাপত্তার জন্য ঝুঁকি সৃষ্টি করতে পারে।

এ প্রেক্ষাপটে ঢাকা মহানগর পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-৩/১৯৭৬)-এর ২৮ ও ২৯ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে তাজিয়া মিছিল চলাকালীন সব ধরনের ধারালো অস্ত্র, লাঠি এবং আতশবাজি-পটকা ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করেছে।

ডিএমপি জানিয়েছে, মিছিল শুরু হওয়ার সময় থেকে শেষ না হওয়া পর্যন্ত এই নির্দেশনা কার্যকর থাকবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্দেশনা বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলেও জানানো হয়েছে।