নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পকে আরও নিরাপদ ও সুশৃঙ্খল নগরী হিসেবে গড়ে তুলতে বড় ধরনের নিরাপত্তা পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) আওতায় পূর্বাচলে চারটি থানা, ছয়টি তদন্তকেন্দ্র, দুটি পুলিশ লাইনস, তিনটি ডিসি অফিস এবং ৪১টি পুলিশ বক্স স্থাপনের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার (১ জুলাই) সকালে পূর্বাচল নতুন শহর প্রকল্পের ১ নম্বর সেক্টরে রাজউকের সেন্ট্রাল মেকানিক্যাল স্ট্যাক ইয়ার্ডে ‘বরকাউ পূর্বাচল পুলিশ ক্যাম্প’ উদ্বোধন অনুষ্ঠানে এসব তথ্য জানান পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
তিনি বলেন, পূর্বাচল আবাসিক প্রকল্পের নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আগেই থানা ও তদন্তকেন্দ্র স্থাপনের প্রশাসনিক অনুমোদন দিয়েছে। এর ধারাবাহিকতায় রাজউক বাংলাদেশ পুলিশের জন্য মোট ২৯ দশমিক ২১ একর জমি বরাদ্দের সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে ১৮ দশমিক ৬৩ একর জমির রেজিস্ট্রেশন ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং অবশিষ্ট জমির নিবন্ধন প্রক্রিয়া চলছে।
আইজিপি জানান, ভবিষ্যতে পূর্বাচল নতুন শহর প্রকল্পকে আনুষ্ঠানিকভাবে ডিএমপির আওতায় এনে একটি পৃথক পুলিশ বিভাগ গঠন করা হবে। ওই বিভাগ একজন অতিরিক্ত পুলিশ কমিশনারের নেতৃত্বে পরিচালিত হবে। পাশাপাশি এই এলাকার নিরাপত্তা ব্যবস্থাপনায় প্রায় ৬ হাজার ৫২৪ জন পুলিশ সদস্যের জনবল সৃষ্টির প্রস্তাবও বিবেচনায় রয়েছে।
তিনি বলেন, পরিকল্পিত নগরায়নের সঙ্গে সমন্বয় রেখে নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলতে পুলিশ ক্যাম্প স্থাপন একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এতে শুধু আইন-শৃঙ্খলাই নয়, সাধারণ মানুষের মধ্যে আস্থা ও নিরাপত্তাবোধও বাড়বে। একই সঙ্গে পূর্বাচলের উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে।
আইজিপি আরও জানান, প্রাথমিক পর্যায়ে পূর্বাচলে দুটি পুলিশ ক্যাম্প স্থাপনের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ১ নম্বর সেক্টরে বরকাউ পূর্বাচল পুলিশ ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। অন্যদিকে প্রস্তাবিত পশ্চিম থানার এলাকায় ‘পশ্চিম পুলিশ ক্যাম্প’-এর নির্মাণকাজ চলছে। আগামী দুই মাসের মধ্যে সেটিও উদ্বোধনের আশা প্রকাশ করেন তিনি।
তিনি বলেন, বরকাউ পুলিশ ক্যাম্পের উদ্বোধনের মধ্য দিয়ে পূর্বাচল নতুন শহর প্রকল্পে পুলিশের কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। পর্যায়ক্রমে এখানে নতুন থানা, তদন্তকেন্দ্র ও অন্যান্য অবকাঠামো গড়ে তোলা হবে, যা পূর্বাচলকে একটি আধুনিক, পরিকল্পিত ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পটির উদ্বোধন করেন আইজিপি মো. আলী হোসেন ফকির। এতে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ।