‘সীমান্ত পাহারার চেয়েও এখন বেশি জরুরি সাইবার নিরাপত্তা’—তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: ডিজিটাল যুগে নিরাপত্তার ধারণায় আমূল পরিবর্তন এসেছে উল্লেখ করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বর্তমান বিশ্বে হাজার কিলোমিটার সীমান্ত পাহারা দেওয়ার চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সাইবার নিরাপত্তা নিশ্চিত করা। প্রযুক্তিনির্ভর এই বাস্তবতায় তথ্যই এখন রাষ্ট্রের সবচেয়ে বড় শক্তিগুলোর একটি।

বুধবার (১ জুলাই) সকালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মিডিয়া সেলের ফেসবুক প্ল্যাটফর্ম ‘প্রান্তিক কণ্ঠস্বর’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সরকারের তথ্য ব্যবস্থাপনার আধুনিকায়নের সঙ্গে ‘প্রান্তিক কণ্ঠস্বর’-এর মতো একটি ডিজিটাল প্ল্যাটফর্ম যুক্ত হওয়া সময়োপযোগী উদ্যোগ। সরকারের তথ্য ব্যবস্থাপনার মহাপরিকল্পনা বাস্তবায়নেও এটি কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রায় ৬০ লাখ সদস্যকে শুধু প্রচলিত নিরাপত্তা কার্যক্রমে সীমাবদ্ধ না রেখে প্রযুক্তিনির্ভর ও জনকল্যাণমূলক কাজে সম্পৃক্ত করার উদ্যোগ প্রশংসার দাবি রাখে। ডিজিটাল প্ল্যাটফর্মকে বেছে নেওয়ার মধ্য দিয়ে বাহিনীটি আধুনিক ও উদ্ভাবনী চিন্তার পরিচয় দিয়েছে।

আনসারের মহাপরিচালক সাজ্জাদ মাহমুদের নেতৃত্বে বাহিনীর প্রযুক্তিনির্ভর কার্যক্রমেরও প্রশংসা করেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, বর্তমান সরকার এমন আধুনিক ও গতিশীল উদ্যোগে গর্ববোধ করে।

জহির উদ্দিন স্বপন বলেন, আধুনিক বিশ্বে নিরাপত্তা আর কেবল সীমান্ত রক্ষা বা অস্ত্রের শক্তির ওপর নির্ভরশীল নয়। প্রযুক্তির বিকাশের ফলে যুদ্ধ, যোগাযোগ এবং নিরাপত্তা—সব ক্ষেত্রেই মৌলিক পরিবর্তন এসেছে। একসময় যেখানে প্রতিষ্ঠানের সিন্দুক পাহারা দেওয়াই নিরাপত্তার বড় বিষয় ছিল, এখন সেখানে কম্পিউটার ও তথ্যভান্ডারকে হ্যাকারদের হাত থেকে রক্ষা করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

তিনি বলেন, অসংখ্য নিরাপত্তাকর্মীর পরিবর্তে কার্যকর সিসিটিভি ব্যবস্থা ও শক্তিশালী সাইবার নিরাপত্তা অবকাঠামো এখন অনেক বেশি প্রয়োজন। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা ডিজিটাল নিরাপত্তার গুরুত্ব স্পষ্ট করে দিয়েছে।

গুজব প্রতিরোধ এবং সঠিক তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রেও ‘প্রান্তিক কণ্ঠস্বর’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন তিনি। একই সঙ্গে তথ্যকে রাষ্ট্র পরিচালনা ও সমাজ বিনির্মাণের অন্যতম প্রধান শক্তি হিসেবে উল্লেখ করেন।

মন্ত্রী বলেন, বর্তমান সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো পুরোনো মানসিকতা থেকে বেরিয়ে এসে ডিজিটাল বাস্তবতাকে গ্রহণ করা। এজন্য প্রযুক্তিভিত্তিক জ্ঞান, দক্ষ মানবসম্পদ, আধুনিক কর্মপরিকল্পনা এবং ডিজিটাল নেতৃত্ব গড়ে তোলার বিকল্প নেই।

তিনি আরও বলেন, ‘প্রান্তিক কণ্ঠস্বর’ শুধু একটি ফেসবুক পেজ নয়; এটি সরকারি প্রতিষ্ঠানের জন্য একটি অনুসরণযোগ্য মডেল হতে পারে। প্রযুক্তির পরিবর্তন যেহেতু অব্যাহত, তাই নতুন জ্ঞান ও উদ্ভাবনের সঙ্গে তাল মিলিয়ে নিজেদের সক্ষমতা বাড়াতে হবে। অন্যথায় আজকের আধুনিক উদ্যোগও ভবিষ্যতে অচল হয়ে যেতে পারে।

অনুষ্ঠান শেষে তথ্য ও সম্প্রচারমন্ত্রী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মিডিয়া সেলের ফেসবুক প্ল্যাটফর্ম ‘প্রান্তিক কণ্ঠস্বর’-এর উদ্বোধন ঘোষণা করেন।