উয়ারী-বটেশ্বরের ঐতিহ্য বিশ্বে ছড়িয়ে দিতে স্মারক ডাকটিকিট প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের প্রাচীন সভ্যতা ও প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নিদর্শন উয়ারী-বটেশ্বরকে দেশ-বিদেশে আরও পরিচিত করে তুলতে স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম, ডাটা কার্ড ও বিশেষ সিলমোহর প্রকাশ করেছে বাংলাদেশ ডাক বিভাগ।

সোমবার (৬ জুলাই) সচিবালয়ে নিজ কার্যালয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম আনুষ্ঠানিকভাবে এসব স্মারক প্রকাশনার উদ্বোধন করেন।

প্রকাশিত সামগ্রীর মধ্যে রয়েছে ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট, ১০ টাকা মূল্যমানের একটি উদ্বোধনী খাম, ৫ টাকা মূল্যমানের একটি ডাটা কার্ড এবং একটি বিশেষ সিলমোহর।

উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, উয়ারী-বটেশ্বর বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি ও প্রাচীন সভ্যতার এক অনন্য প্রত্নতাত্ত্বিক নিদর্শন। এই স্মারক ডাকটিকিট ও সংশ্লিষ্ট প্রকাশনার মাধ্যমে দেশের সমৃদ্ধ ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে আরও সহজভাবে তুলে ধরা সম্ভব হবে। একই সঙ্গে আন্তর্জাতিক পরিমণ্ডলেও উয়ারী-বটেশ্বরের পরিচিতি আরও বিস্তৃত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, দেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পদ সংরক্ষণ এবং বিশ্বদরবারে তুলে ধরতে ডাক বিভাগের এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব বিলকিস জাহান রিমি, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন এবং ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলামসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।