প্রধানমন্ত্রীর হাতে সৌদি যুবরাজের বার্তা, দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে গুরুত্ব

নিজস্ব প্রতিবেদক: 

ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ. বিন আবিয়া প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের পাঠানো একটি চিঠি হস্তান্তর করেছেন। বৈঠকে বাংলাদেশ ও সৌদি আরবের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং দ্বিপক্ষীয় সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়।

সোমবার (৬ জুলাই) সকাল ৯টা ৪০ মিনিটে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ. বিন আবিয়া সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের পক্ষ থেকে পাঠানো একটি চিঠি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন। এরপর দুই দেশের সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে উভয়পক্ষ মতবিনিময় করেন।

বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। সৌদি আরবের পক্ষে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত উপ-রাষ্ট্রদূত ইব্রাহিম আবদুল্লাহ।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, বৈঠকে বাংলাদেশ-সৌদি আরব সম্পর্ককে আরও শক্তিশালী করার পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।