নিজস্ব প্রতিবেদক
সরকারি ক্রয় কার্যক্রমকে আরও স্বচ্ছ, কার্যকর ও সময়োপযোগী করতে নতুন করে একটি উচ্চপর্যায়ের কমিটি পুনর্গঠন করেছে সরকার। পুনর্গঠিত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামানকে।
রোববার (৫ জুলাই) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।
প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন কমিটি অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এবং সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির কার্যপদ্ধতি পর্যালোচনা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবে। পাশাপাশি পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৬ এবং পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০২৫–এর আওতায় সরকারি ক্রয়ব্যবস্থার বিভিন্ন বিষয় মূল্যায়ন করে তা আরও কার্যকর ও ফলপ্রসূ করার লক্ষ্যে সুপারিশ প্রণয়ন করবে।
এ ছাড়া অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ও সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি থেকে অর্পিত অন্যান্য দায়িত্বও পালন করবে এই কমিটি।
পুনর্গঠিত কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, শিল্প, বস্ত্র ও পাট এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ, নৌপরিবহন ও সেতু প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার এবং বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির (বিপিপিএ) প্রধান নির্বাহী কর্মকর্তা এস. এম. মঈন উদ্দীন আহমেদ।
সরকারের প্রত্যাশা, নতুন এই কমিটির সুপারিশ বাস্তবায়নের মাধ্যমে সরকারি ক্রয়প্রক্রিয়ায় জবাবদিহি, দক্ষতা এবং স্বচ্ছতা আরও জোরদার হবে।