বিনোদন ডেস্ক:
দীর্ঘদিনের আলোচনার অবসান ঘটিয়ে নতুন জীবনে পা রাখলেন বলিউড অভিনেতা আমির খান ও গৌরী স্প্যাট। পারিবারিক পরিবেশে অনুষ্ঠিত বিয়ের আনুষ্ঠানিকতায় দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে বিয়ের বেশ কয়েকটি ছবি ছড়িয়ে পড়েছে। তবে সেগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নিজেদের সন্তানদের উপস্থিতিতেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন আমির ও গৌরী। প্রকাশিত একটি ছবিতে দেখা যায়, বিয়ের নথিতে স্বাক্ষরের সময় বর-কনের মাঝখানে দাঁড়িয়ে আছেন গৌরীর ছেলে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমির খানের তিন সন্তানও। এ সময় আমির সাদা কুর্তা এবং গৌরী বেজ রঙের ফুলহাতা পোশাক ও মানানসই গয়নায় সজ্জিত ছিলেন।
বিয়েকে ঘিরে আগের দিন থেকেই মুম্বাইয়ের বান্দ্রায় আমিরের বাসভবন আলোকসজ্জা ও ফুল দিয়ে সাজানো হয়। প্রস্তুতির তদারকিতে অংশ নেন পরিবারের সদস্যরা, যার মধ্যে ছিলেন অভিনেতার বোনও।
রোববার সকাল থেকে মুম্বাইয়ে ভারী বৃষ্টি হলেও তাতে অনুষ্ঠান আয়োজন ব্যাহত হয়নি। প্রায় দেড় শতাধিক অতিথির উপস্থিতিতে ঘরোয়া আয়োজনটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। অনুষ্ঠানে বলিউডের ঘনিষ্ঠ কয়েকজন ব্যক্তিত্বও অংশ নেন।
জানা গেছে, প্রায় ২৫ বছর আগে এক পরিচিত ব্যক্তির মাধ্যমে আমির খান ও গৌরী স্প্যাটের প্রথম পরিচয় হয়। শুরুতে বন্ধুত্ব থাকলেও কর্মব্যস্ততা ও ব্যক্তিগত জীবনের কারণে যোগাযোগ ধীরে ধীরে কমে যায়।
পরে আমির খানের দ্বিতীয় স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গে বিচ্ছেদের পর আবারও গৌরীর সঙ্গে যোগাযোগ শুরু হয়। পুরোনো সেই বন্ধুত্ব ধীরে ধীরে ভালোবাসার সম্পর্কে রূপ নেয়। দীর্ঘ পথচলার পর অবশেষে বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন এই যুগল।