সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক:
সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা-পরবর্তী সমাবেশে বিস্ফোরণের ঘটনায় প্রশাসনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন দলটির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তার দাবি, নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থতার পাশাপাশি প্রশাসনের সহযোগিতায় এই হামলার পরিবেশ তৈরি করা হয়েছে।

সোমবার (৬ জুলাই) রাত সোয়া ১০টার দিকে সাভার থানা স্ট্যান্ড ঈদগাহ মাঠে আয়োজিত সমাবেশে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে। সে সময় ঢাকা জেলা এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ বক্তব্য রাখছিলেন। বিস্ফোরণের সঙ্গে সঙ্গে সমাবেশস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং নেতাকর্মীদের ছোটাছুটি করতে দেখা যায়। পরে নাবিলা তাসনিদ মাইকে সবাইকে শান্ত থাকার আহ্বান জানান।

ঘটনার পর বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, সমাবেশস্থলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার পরই বিস্ফোরণ ঘটানো হয়। তার অভিযোগ, এটি ছিল এনসিপির কর্মসূচি ভণ্ডুল এবং নেতাকর্মীদের ওপর হামলার পরিকল্পিত চেষ্টা।

তিনি বলেন, “আজকের এই বিস্ফোরণ প্রশাসনের সহযোগিতা ছাড়া সম্ভব নয়। কেন বিদ্যুৎ বন্ধ করা হয়েছিল, সেই প্রশ্নের জবাব দিতে হবে। আমাদের লক্ষ্য করে হামলার পরিকল্পনা করা হয়েছিল।”

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি কড়া বার্তা দিয়ে নাহিদ ইসলাম বলেন, সমাবেশে অংশ নেওয়া নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারার দায় সরকারকে নিতে হবে। একই সঙ্গে এ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং দায়ীদের বিচারের দাবি জানান তিনি।

এনসিপির কর্মসূচি অব্যাহত থাকবে জানিয়ে তিনি বলেন, “কোনো হামলা বা ভয়ভীতি আমাদের আন্দোলন থামাতে পারবে না। জুলাইয়ের আন্দোলনের লক্ষ্য বাস্তবায়ন, হত্যাকাণ্ডের বিচার, সীমান্ত সুরক্ষা এবং তরুণদের কর্মসংস্থানের দাবিতে আমাদের কর্মসূচি চলবে।”

ঘটনার পরপরই সমাবেশস্থলে নিরাপত্তা জোরদার করা হয়। তবে বিস্ফোরণের উৎস বা এতে হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।