আনোয়ারায় চারতলার ছাদ থেকে পড়ে ৩ বছরের শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় চারতলা ভবনের ছাদ থেকে পড়ে মোহাম্মদ আবির নামে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার বারশত ইউনিয়নের পশ্চিমচাল কবিরের দোকান এলাকার গুলবাহার বিল্ডিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবির আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের গহিরা বার আউলিয়া ইসমাইল মিয়াজী বাড়ির মোহাম্মদ দিলোয়ারের ছেলে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার সময় আবিরের মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। এ সুযোগে সবার অগোচরে শিশুটি ভবনের ছাদে উঠে যায়। একপর্যায়ে অসাবধানতাবশত ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হয় সে।

পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

বারশত ইউনিয়ন পরিষদের সদস্য মো. জমির হোসেন বলেন, ‘শিশুটির মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। একপর্যায়ে সবার অগোচরে আবির ছাদে চলে যায়। পরে অসাবধানতাবশত ছাদ থেকে পড়ে যায়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহতাবউদ্দিন চৌধুরী বলেন, ভবন থেকে পড়ে যাওয়া শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।