নবাবগঞ্জে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

 

মেহেদী হাসান, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : প্রতি বছর ১ থেকে ৭ আগস্ট পর্যন্ত বিশ্বের ১৭০টিরও বেশি দেশে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত হয়। এই সপ্তাহ মূলত শিশুস্বাস্থ্য রক্ষা, মায়ের দুধের উপকারিতা প্রচার এবং জনসচেতনতা তৈরির একটি বৈশ্বিক কর্মসূচি। ২০১০ সাল থেকে বাংলাদেশে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ -২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ আগস্ট) সকাল ১০ টায় নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদ্বোধন হয়েছে। বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬-এর প্রতিপাদ্য হচ্ছে ‘জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান: টেকসই উদ্যোগ করি বেগবান’।এ সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আব্দুল্লাহ আল মামুন,মেডিকেল অফিসার ডা. মোঃ সাব্বির হোসেনসহ সিনিয়র স্টাফ-নার্স ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী, উন্নয়ন সহযোগী সংগঠন ও গণমাধ্যম কর্মীরা। আলোচনা সভায় বক্তারা অভিমত ব্যক্ত করেন একটি শিশুর জীবনের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অধিকার হলো মায়ের বুকের দুধ। সেই অধিকার নিশ্চিত করা গেলে শিশুস্বাস্থ্যের উন্নয়ন, অপুষ্টি হ্রাস এবং ভবিষ্যৎ প্রজন্মকে আরও সুস্থ ও সক্ষম করে গড়ে তোলা সম্ভব হবে।”বিভিন্ন গবেষণায় দেখা গেছে, মায়ের দুধ নবজাতকের জন্য আদর্শ পুষ্টিকর খাবার। এতে সংক্রামক ব্যাধির আক্রমণ অনেক কমে যায়। মাতৃদুগ্ধ পানকারী শিশুদের মানসিক ও শারীরিক বিকাশ ঘটে পরিপূর্ণভাবে। এতে মায়েদের স্তন ও ডিম্বাশয়ের ক্যান্সারের ঝুঁকিও কমে। জন্মের পর থেকে ৬ মাস বয়স পর্যন্ত শুধু মায়ের দুধই শিশুর একমাত্র পূর্ণাঙ্গ খাবার হিসেবে বিশ্বব্যাপী স্বীকৃত।