মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বহনকারী সরকারি হেলিকপ্টার মেরিন ওয়ান এবং একটি বাণিজ্যিক যাত্রীবাহী বিমানের মধ্যে আকাশে নিরাপদ দূরত্ব অস্বাভাবিকভাবে কমে যাওয়ার ঘটনায় তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (৬ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, ওয়াশিংটনের আকাশসীমায় ঘটে যাওয়া এ ঘটনায় প্রেসিডেন্টের নিরাপত্তা বিঘ্নিত হয়নি বলে নিশ্চিত করেছে হোয়াইট হাউস। তবে কীভাবে দুই উড়োজাহাজ এত কাছাকাছি চলে এলো, তা খতিয়ে দেখা হচ্ছে।
নিউইয়র্ক টাইমস-এর বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, গত মঙ্গলবার এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের সঙ্গে যোগাযোগে বিভ্রান্তির কারণে মেরিন ওয়ান একটি যাত্রীবাহী বিমানের এক মাইলেরও কম দূরত্বে চলে আসে।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) জানিয়েছে, ৪ আগস্ট ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্ট (ডিসিএ) থেকে উড্ডয়ন করা একটি বাণিজ্যিক উড়োজাহাজ এবং প্রেসিডেন্টের হেলিকপ্টারের মধ্যে নিরাপদ দূরত্ব কমে যাওয়ার ঘটনাটি তদন্তাধীন রয়েছে।
হোয়াইট হাউসের মুখপাত্র কুশ দেসাই বলেন, প্রেসিডেন্টের হেলিকপ্টার পরিচালনা করেন বিশ্বের অন্যতম দক্ষ বৈমানিকরা। ঘটনাটি ঘটলেও কোনো সময়ই প্রেসিডেন্ট ট্রাম্পের নিরাপত্তা হুমকির মুখে পড়েনি।
এদিকে, মার্কিন বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা এফএএ জানিয়েছে, পুরো সময়জুড়ে এয়ার ট্রাফিক কন্ট্রোলার বাণিজ্যিক বিমানের পাইলট এবং মেরিন ওয়ানের পাইলট—উভয়ের সঙ্গেই যোগাযোগ বজায় রেখেছিলেন। তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ এবং প্রয়োজনীয় সুপারিশ জানানো হবে।