বিনোদন ডেস্ক:
দীর্ঘ ১৫ মাস যুক্তরাজ্যে চিকিৎসা শেষে সাময়িকভাবে দেশে ফিরেছেন ঢাকাই চলচ্চিত্রের বরেণ্য অভিনেতা ইলিয়াস কাঞ্চন। দেশে ফেরার পর তাকে দেখতে গুলশানের বাসায় যান জ্যেষ্ঠ চিত্রনায়িকা রোজিনা। এ সময় তারা দীর্ঘদিন পর একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন এবং অভিনেতার শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
সাক্ষাতের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে রোজিনা জানান, ইলিয়াস কাঞ্চন এখনও পুরোপুরি সুস্থ নন। তবে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি শিগগিরই আবারও যুক্তরাজ্যে ফিরে চিকিৎসা চালিয়ে যাবেন।
ফেসবুক পোস্টে রোজিনা লেখেন, “বাংলা চলচ্চিত্রের অভিনেতা কাঞ্চন। কয়েকদিন আগে লন্ডন থেকে ঢাকায় এসেছে। তার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। ইনশাআল্লাহ খুব দ্রুতই তিনি সুস্থ হয়ে উঠবেন।”
তিনি আরও জানান, চিকিৎসকদের নির্দেশনা অনুযায়ী চলতি মাসের ১২ তারিখে আবারও লন্ডনে যাওয়ার কথা রয়েছে ইলিয়াস কাঞ্চনের। তার দ্রুত আরোগ্যের জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন এই অভিনেত্রী।
রোজিনা আরও উল্লেখ করেন, অসুস্থতার এই সময়ে ইলিয়াস কাঞ্চনের পাশে থেকে তার স্ত্রী, সন্তান ও জামাই নিয়মিত সেবা-যত্ন করছেন।
উল্লেখ্য, ব্রেন টিউমারে আক্রান্ত হওয়ার পর থেকে দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন রয়েছেন ইলিয়াস কাঞ্চন। গত বছরের এপ্রিল থেকে লন্ডনে তার চিকিৎসা শুরু হয়। একই বছরের আগস্টে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হলেও জটিলতার কারণে টিউমার পুরোপুরি অপসারণ সম্ভব হয়নি। পরে চিকিৎসকদের পরামর্শে ধাপে ধাপে প্রায় একশটি কেমোথেরাপি নিতে হয়েছে তাকে।
দীর্ঘ চিকিৎসার মাঝেই স্বল্প সময়ের জন্য দেশে ফিরেছেন এই বরেণ্য অভিনেতা। তবে চিকিৎসা অব্যাহত রাখতে আবারও যুক্তরাজ্যে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি।