প্রকাশ পেল নারী এশিয়া কাপের সূচি, ৩১ আগস্ট ইন্দোনেশিয়ার বিপক্ষে বাংলাদেশের মিশন শুরু

স্পোর্টস ডেস্ক:
নারী এশিয়া কাপ ২০২৬-এর পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ৩১ আগস্ট ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্টে যাত্রা শুরু করবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। একই আসরে বহুল প্রতীক্ষিত ভারত-পাকিস্তান লড়াই অনুষ্ঠিত হবে ৫ সেপ্টেম্বর।

বৃহস্পতিবার প্রকাশিত সূচিতে জানানো হয়েছে, ২৮ আগস্ট থেকে শুরু হয়ে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের সব ম্যাচ। প্রতিটি ম্যাচ বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে।

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ২৮ আগস্ট থাইল্যান্ডের মুখোমুখি হবে হংকং। পরদিন শ্রীলঙ্কা খেলবে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। ৩০ আগস্ট মাঠে নামবে ভারত, প্রতিপক্ষ থাইল্যান্ড।

বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ খেলবে ৩১ আগস্ট ইন্দোনেশিয়ার বিপক্ষে। এরপর ৬ সেপ্টেম্বর শ্রীলঙ্কার সঙ্গে এবং ৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে নিগার সুলতানা জ্যোতির দল।

অন্যদিকে, পাকিস্তান ১ সেপ্টেম্বর থাইল্যান্ডের বিপক্ষে অভিযান শুরু করবে। এরপর ৫ সেপ্টেম্বর চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচে মাঠে নামবে তারা। গ্রুপ পর্বে পাকিস্তানের শেষ ম্যাচ ৭ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে।

এবারের আসরে ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, থাইল্যান্ড ও হংকং। আর ‘বি’ গ্রুপে জায়গা পেয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত ও ইন্দোনেশিয়া।

গ্রুপ পর্ব শেষে দুই গ্রুপের শীর্ষ দুটি করে মোট চার দল সেমিফাইনালে উঠবে। সেমিফাইনাল দুটি অনুষ্ঠিত হবে ১০ ও ১১ সেপ্টেম্বর। শিরোপা নির্ধারণী ফাইনাল গড়াবে ১৩ সেপ্টেম্বর।