ঈদুল ফিতর উপলক্ষে নবাবগঞ্জে চিনি সেমাই, কসমেটিকস ও আতর-টুপির দোকানে ক্রেতাদের ভীড়

মেহেদী হাসান, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: ঈদ মানেই আনন্দ। বছরজুড়ে অপেক্ষার পর ঈদকে ঘিরে শিশু থেকে শুরু করে বড়দের মাঝেও নতুন পোশাক পরার সেই আনন্দ ছড়িয়ে পড়ে চারিদিকে। এই আনন্দকে ঘিরেই দিনাজপুরের নবাবগঞ্জে শেষ মুহূর্তের কেনাকাটায় সোমবার (১৬ মার্চ) দুপুরে জমজমাট হয়ে উঠেছে কাপড়, জুতা ও কসমেটিকস ও চিনি সেমাইয়ের দোকানগুলো। ঈদের আনন্দ ভাগাভাগি করতে একে অপরকে চিনি সেমাই উপহার দেয়া চিরাচরিত প্রথা। অপরদিকে আতর, টুপি, তসবিহ, জায়নামাজ বেচাকেনা জমে উঠেছে। নতুন পোশাকের সাথে মিল রেখে সাজগোজের জন্য নারীদের কসমেটিকস ও ইমিটেশন গয়নার দোকানে এবং পুরুষদের পছন্দের আতর-টুপির দোকানে বিকেল ও সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। আতরের দোকানে বিভিন্ন মানের সুগন্ধি, টুপি, জায়নামাজ ও তসবিহ মিলছে। কসমেটিকসের দোকানে চুড়ি, বালা, ফিতা, ইমিটেশন গয়না, এবং মেকআপের জিনিসের ব্যাপক চাহিদা লক্ষ্য করা গেছে। নবাবগঞ্জ স্মৃতিসৌধ সংলগ্ন এক মুদি দোকানে জমজমাট চিনি সেমাই বিক্রি হচ্ছে। অপরদিকে নবাবগঞ্জ করতোয়া ব্রিজ সংলগ্ন এক কসমেটিকস দোকানে মেয়েদের উপচে পড়া ভীড় লক্ষ্য করা গেছে। সরজমিন বিভিন্ন বিপণিবিতান ঘুরে দেখা গেছে, ক্রেতাদের আকৃষ্ট করতে বিভিন্ন মার্কেটে আলোকসজ্জা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *