দীর্ঘ বিরতির পর আবারও দর্শকদের সামনে হাজির হতে যাচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী আফসান আরা বিন্দু। প্রায় তিন বছর নতুন কোনো কাজ প্রকাশ না হওয়ার পর এবার ওটিটি প্ল্যাটফর্মে নতুন সিরিজ নিয়ে ফিরছেন তিনি। আগামী ২৫ জুন ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পাবে তার অভিনীত বহুল প্রতীক্ষিত সিরিজ ‘হেডলাইন’।
সোমবার (৮ জুন) বিকেলে প্রকাশ করা হয়েছে সিরিজটির টিজার। নির্মাতা সালেহ সোবহান অনিম পরিচালিত এই সিরিজের এক মিনিট ১৫ সেকেন্ডের ঝলকেই উঠে এসেছে রহস্য, অনুসন্ধানী সাংবাদিকতা, ষড়যন্ত্র এবং ব্যক্তিগত জীবনের নানা টানাপোড়েনের আভাস।
টিজারে দেখা যায়, একটি গুরুত্বপূর্ণ সংবাদের পেছনে ছুটে চলা সাংবাদিকদের সংগ্রাম, সত্য উদঘাটনের চেষ্টার পাশাপাশি নানা অদৃশ্য শক্তির প্রভাব ও জটিল বাস্তবতা। গল্পের কেন্দ্রে রয়েছেন একজন সিনিয়র সাংবাদিক এবং এক তরুণ রিপোর্টার। এই দুই চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব ও ইয়াশ রোহান।
অন্যদিকে আফসান আরা বিন্দুকে দেখা যাবে ‘আইরিন’ চরিত্রে, যাকে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে একজন ‘সমস্যা সমাধানকারী’ হিসেবে। রহস্যময় ও গুরুত্বপূর্ণ এই চরিত্রটি ঘিরে দর্শকদের মধ্যে ইতোমধ্যেই কৌতূহল তৈরি হয়েছে।
সিরিজটির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সারিকা সাবরিন, শ্যামল মাওলা, ফারহানা হামিদ, ইন্তেখাব দিনারসহ আরও অনেক পরিচিত মুখ।
সিরিজটি নিয়ে নির্মাতা সালেহ সোবহান অনিম বলেন, “চারপাশের নানা অস্থিরতার মধ্যে দর্শকদের জন্য কিছুটা স্বস্তির গল্প তুলে ধরার চেষ্টা করেছি। আমরা এমন একটি গল্প বলতে চেয়েছি, যেরকম গল্প দেখে বড় হয়েছি এবং যেগুলো এখনো আমাদের হৃদয়ের খুব কাছাকাছি। ‘হেডলাইন’ মূলত সাংবাদিকতা ও অনুসন্ধানের আবরণে নির্মিত একটি পারিবারিক নাটক।”
উল্লেখ্য, প্রায় এক দশকের বিরতির পর ২০২৩ সালে মিজানুর রহমান আরিয়ানের ওয়েব ফিল্ম ‘উনিশ ২০’-এর মাধ্যমে অভিনয়ে ফেরেন আফসান আরা বিন্দু। সেখানে তিনি আরিফিন শুভর সঙ্গে অভিনয় করে প্রশংসিত হন। এরপর আবারও দীর্ঘ বিরতির পর ‘হেডলাইন’ সিরিজ দিয়ে দর্শকদের সামনে ফিরছেন এই জনপ্রিয় অভিনেত্রী।
এখন দেখার বিষয়, নতুন এই সিরিজের মাধ্যমে বিন্দু কতটা দর্শকদের হৃদয় জয় করতে পারেন।