মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও আস্তেকা স্টেডিয়ামে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে জমে উঠেছে তুমুল আলোচনা। কলম্বিয়ান পপ সুপারস্টার শাকিরা ও নাইজেরিয়ান সংগীতশিল্পী বার্না বয় মিলে মঞ্চ মাতালেও, তাদের পারফরম্যান্স ছাপিয়ে এখন আলোচনায় উঠে এসেছে এক রহস্য ও বিতর্ক।
উদ্বোধনী মঞ্চে দুজনের পরিবেশিত থিম সং ‘দাই দাই’ দর্শকদের মুগ্ধ করলেও, পারফরম্যান্স শেষের পর ব্যাকস্টেজের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, নির্দেশনা থাকা সত্ত্বেও শাকিরা তার ভাই আন্তোনিও মেবারাকের সঙ্গে নাচে মেতে ওঠেন এবং কিছুক্ষণ প্রটোকল উপেক্ষা করে আনন্দ ভাগাভাগি করেন। এই স্বাভাবিক মুহূর্তই ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে।
এদিকে আরও একটি বিতর্ক ঘুরপাক খাচ্ছে অনলাইনে। অনেক নেটিজেন দাবি করছেন, মঞ্চে দেখা যাওয়া শাকিরা আসল নন, বরং একজন ‘বডি ডাবল’ ব্যবহার করা হয়েছে। তার চোখ ঢাকা বড় সানগ্লাস এবং পুরো লুক নিয়ে সন্দেহ আরও বাড়িয়েছে এই গুঞ্জনকে। যদিও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি।
অন্যদিকে, উদ্বোধনী অনুষ্ঠানটি বিভিন্ন চ্যানেলে ভিন্নভাবে সম্প্রচার হওয়ায় আরও প্রশ্ন উঠেছে। ফক্স টিভি লাইভ সম্প্রচার না করলেও টেলিমুন্ডোতে পুরো পারফরম্যান্স সরাসরি দেখানো হয়, যা দর্শকদের মধ্যে বিভ্রান্তি তৈরি করেছে।
সব মিলিয়ে বিশ্বকাপের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান এখন মাঠের বাইরের আলোচনায়ই বেশি আলোচিত হয়ে উঠেছে।