নিজস্ব প্রতিবেদক: বেসামরিক জনগণের সুরক্ষা নিশ্চিতকরণ, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা এবং রোহিঙ্গাদের নিজ দেশ মায়ানমারে নিরাপদ প্রত্যাবাসনের লক্ষ্যে আরও কার্যকর আন্তর্জাতিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে অনুষ্ঠিত ২০২৬ সালের ইকোসক হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স সেগমেন্টের উচ্চপর্যায়ের প্যানেল আলোচনায় তিনি এ আহ্বান জানান।
বক্তব্যে প্রতিমন্ত্রী আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের জন্য জবাবদিহিতা নিশ্চিত করা, সংঘাত প্রতিরোধে বিনিয়োগ বৃদ্ধি এবং মানবিক, শান্তি ও উন্নয়ন কার্যক্রমের মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
তিনি নারী ও কিশোরীদের বিরুদ্ধে ক্রমবর্ধমান প্রযুক্তিনির্ভর হয়রানি ও অপব্যবহারের বিষয়টি তুলে ধরে এ ধরনের হুমকি মোকাবেলায় একটি বৈশ্বিক প্ল্যাটফর্ম গঠনের আহ্বান জানান।
রোহিঙ্গা শিবিরে চলমান অর্থায়ন সংকটের প্রভাব নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, সংকটের টেকসই সমাধান এবং দ্রুত প্রত্যাবাসনই এই পরিস্থিতি মোকাবেলার মূল পথ।
এ সময় তিনি আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত রেখে রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবর্তনের আহ্বান পুনর্ব্যক্ত করেন।
অনুষ্ঠানের ফাঁকে প্রতিমন্ত্রী ভিয়েতনামের উপ-পররাষ্ট্রমন্ত্রী ড. নগুয়েন মিন ভুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে দ্বিপাক্ষিক সহযোগিতা, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং বহুপাক্ষিক অঙ্গনে সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।