তোমাদের মূল্যবান সময় হেলায় হেলায় মোবাইলে নষ্ট করলে তোমাদের ভবিষ্যৎ অন্ধকারে ডুবে যাবে

মো: জসিম উদ্দিন: নরসিংদীর ব্রাহ্মন্দীতে প্রতিষ্ঠিত প্রিপারেটরি কলেজের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার স্থানীয় এক কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজের অধ্যক্ষ ও বিশিষ্ট শিক্ষকনেতা ড. মশিউর রহমান মৃধা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদী প্রিপারেটরি কলেজের অধ্যক্ষ ও বিশিষ্ট লেখক মোহাম্মদ কামরুল ইসলাম। বিশেষ মেহমান নরসিংদী টিভির প্রোপাইটর সোহেল রহমান, নরসিংদী মডেল কলেজের শিক্ষক কিবরিয়া ভূইয়া। শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন প্রিপারেটরি কলেজের ইংরেজী বিভাগের প্রভাষক আলতাফ হোসেন, পৌরনীতি ও সুশাসনের প্রভাষক সঙ্গীতা দেবনাথ, কো-অডিনেটর সুমন গাজী, হিসাবরক্ষক সালাউদ্দীন। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাম্মী আক্তার পল্লবী, মো: আলাউদ্দিন, জান্নাতুল ফেরদৌস ঈষিতা। দোয়া পরিচালনা করেন প্রিপারেটরী কলেজের শিক্ষক মো: শরীফুজ্জান। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রিপারেটরী কলেজের পরিচালক মো: জাকারিয়া। প্রধান অতিথি বলেন, পরীক্ষার মাত্র কয়েকদিন বাকী। তোমরা পড়াশুনার প্রতি আরো দায়িত্বশীল হবে। হেলায় হেলায় মোবাইলে অযথা সময় নষ্ট করবে না। এ মূল্যবান সময় হেলায় হেলায় কাটিয়ে দিলে তোমাদের ভবিষ্যৎ অন্ধকারে ডুবে যাবে। তোমার একটু অবহেলার জন্য পরীক্ষার ফলাফল খারাপ হলে তোমার বাবা-মা, শিক্ষক-শিক্ষিকা সবাই কষ্ট পাবে। সবাইকে কষ্ট দিবে না।