স্পোর্টস ডেস্ক: ফুটবল মাঠে নামার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। কিন্তু কয়েক ঘণ্টার ব্যবধানে জীবন থেকে হারিয়ে গেল সবচেয়ে প্রিয় তিনজন মানুষ। ভেনেজুয়েলায় আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পে স্ত্রী ও দুই সন্তানকে হারিয়ে গভীর শোকে মুহ্যমান আর্জেন্টাইন ফুটবলার লুকাস ত্রেহো।
স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ত্রেহোর স্ত্রী ইয়ানিনা মারানেল্লা এবং তাদের দুই সন্তান—অ্যারন ও আইনহোয়া—কয়েকদিন নিখোঁজ থাকার পর ধ্বংসস্তূপের নিচ থেকে মৃত অবস্থায় উদ্ধার হন। উদ্ধারকারী দল তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করলে শোকের ছায়া নেমে আসে পরিবার ও সতীর্থদের মধ্যে।
লুকাস ত্রেহোর ক্লাব দেপোর্তিভো লা গুয়াইরা এক বিবৃতিতে এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে। ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, এই কঠিন সময়ে তারা ফুটবলারের পাশে রয়েছে এবং তার পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে।
জানা গেছে, ভূমিকম্পের সময় ত্রেহো রাজধানী কারাকাসে দলের অনুশীলনে ব্যস্ত ছিলেন। অন্যদিকে তার স্ত্রী ও দুই সন্তান অবস্থান করছিলেন উপকূলীয় এলাকা প্লায়া গ্রান্দের একটি আবাসিক ভবনে। প্রবল কম্পনে ভবনটি ধসে পড়লে তারা ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন।
ঘটনার পর কয়েকদিন ধরে পরিবারের কোনো খোঁজ না পেয়ে উদ্বেগে দিন কাটান এই ফুটবলার। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় তিনি লিখেছিলেন, শেষ মুহূর্ত পর্যন্ত তিনি বিশ্বাস করতে চেয়েছিলেন তার পরিবার হয়তো নিরাপদে রয়েছে। কিন্তু দীর্ঘ অনুসন্ধানের পর সেই আশার অবসান ঘটে।
এদিকে জাতিসংঘের প্রাথমিক তথ্য অনুযায়ী, গত বুধবার সন্ধ্যায় ভেনেজুয়েলায় আঘাত হানা পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত প্রায় ১ হাজার ৫০০ মানুষের প্রাণহানির খবর পাওয়া গেছে। এছাড়া প্রায় ৫০ হাজার মানুষ এখনো নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।