নিজস্ব প্রতিবেদক: দেশের ডিজিটাল সেবাকে আরও সহজলভ্য ও জনবান্ধব করতে ইন্টারনেটের মূল্য কমানোর ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে স্মার্টফোন পৌঁছে দিতে বেসরকারি খাতকে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
সোমবার (২৯ জুন) সকাল সাড়ে ৯টায় জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মোবাইল অপারেটর বাংলালিংকের মূল প্রতিষ্ঠান ভিওন (VEON)-এর চেয়ারম্যান অগি ফাবেলার সঙ্গে সৌজন্য সাক্ষাতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
বৈঠকে দেশের ডিজিটাল অবকাঠামো সম্প্রসারণ, প্রযুক্তিনির্ভর সেবার উন্নয়ন এবং নাগরিকদের জন্য ডিজিটাল সুবিধা আরও সহজ ও সাশ্রয়ী করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
প্রধানমন্ত্রী বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্য বাস্তবায়নে ইন্টারনেট সেবাকে আরও সাশ্রয়ী করা প্রয়োজন। পাশাপাশি স্বল্পমূল্যে উন্নতমানের স্মার্টফোন মানুষের হাতে পৌঁছে দিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সমন্বিত উদ্যোগ নিতে হবে, যাতে দেশের সব শ্রেণি-পেশার মানুষ প্রযুক্তির সুবিধা সমানভাবে ভোগ করতে পারেন।
তিনি আরও উল্লেখ করেন, ডিজিটাল সেবার প্রসার কেবল যোগাযোগব্যবস্থাকে উন্নত করবে না, বরং শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা-বাণিজ্য এবং সরকারি সেবার ক্ষেত্রেও ইতিবাচক পরিবর্তন আনবে।
বৈঠকে বাংলালিংকের পক্ষ থেকে সরকারের ডিজিটাল রূপান্তর কর্মসূচির সঙ্গে অংশীদার হয়ে প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণ এবং নতুন উদ্ভাবনী উদ্যোগ বাস্তবায়নে কাজ করার আগ্রহ প্রকাশ করা হয়।