নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ অপেক্ষার অবসান হতে যাচ্ছে দেশের মাদরাসা শিক্ষকদের। আগামী জুলাই মাস থেকেই নিয়মিত বেতন দেওয়া শুরু হবে। পাশাপাশি বকেয়া থাকা দুই মাসের বেতনও একই মাসে পরিশোধ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
মঙ্গলবার (৩০ জুন) সকালে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ফাজিল ও কামিল স্তরের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান এবং কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
শিক্ষামন্ত্রী বলেন, সরকার দায়িত্ব গ্রহণের পর দেখা যায়, মাদরাসা শিক্ষকদের বেতন পরিশোধে প্রায় ৫০১ কোটি টাকার প্রয়োজন হলেও সে অর্থের কোনো বরাদ্দ ছিল না। তার দাবি, অন্তর্বর্তী সরকার বাজেটে প্রয়োজনীয় অর্থ সংস্থান না রাখায় দুই মাস ধরে মাদরাসা শিক্ষকদের বেতন দেওয়া সম্ভব হয়নি।
তিনি বলেন, “আগামী জুলাই মাস থেকেই শিক্ষকদের নিয়মিত বেতন দেওয়া হবে। একই সঙ্গে দুই মাসের বকেয়া বেতনও পরিশোধ করা হবে, যাতে তারা আর্থিক সংকট থেকে কিছুটা স্বস্তি পান।”
অনুষ্ঠানে শিক্ষক নিয়োগ নিয়েও কথা বলেন শিক্ষামন্ত্রী। তিনি জানান, গত সেপ্টেম্বর থেকে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)-এর মাধ্যমে প্রায় ১৭ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে, যা শিক্ষা প্রতিষ্ঠানের দীর্ঘদিনের শিক্ষক সংকট কাটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
এহছানুল হক মিলন বলেন, দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে শিক্ষক সংকট ছিল। সে কারণে শূন্য পদগুলো দ্রুত পূরণ করা জরুরি হয়ে উঠেছিল। তিনি দাবি করেন, অন্তর্বর্তী সরকার নিয়োগ কার্যক্রম দ্রুত সম্পন্ন করলেও প্রয়োজনীয় অর্থ বরাদ্দ নিশ্চিত করতে পারেনি। তাই নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর সেই আর্থিক ঘাটতি পূরণের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আশা প্রকাশ করেন, নিয়মিত বেতন প্রদান এবং শিক্ষক সংকট নিরসনের মাধ্যমে দেশের মাদরাসা শিক্ষাব্যবস্থায় আরও স্থিতিশীলতা ফিরে আসবে।