বিনোদন ডেস্ক: ওয়েব ফিল্ম হিসেবে ঘোষণার পর পরিকল্পনায় বড় পরিবর্তন এসেছে অপু বিশ্বাস অভিনীত ‘শিকার’-এ। এবার এটি আর ওটিটি প্ল্যাটফর্মের জন্য নয়, নির্মিত হচ্ছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে। চলতি মাসেই শুরু হচ্ছে সিনেমাটির শুটিং, যার বড় একটি অংশ ধারণ করা হবে নেপালের মনোরম লোকেশনে।
বছরের শুরুতে নির্মাতা কামরুজ্জামান রোমান ‘শিকার’কে ওয়েব ফিল্ম হিসেবে ঘোষণা দিয়েছিলেন। মার্চ মাসে শুটিং শুরু হওয়ার কথা থাকলেও প্রি-প্রোডাকশনের দীর্ঘ প্রস্তুতির কারণে নির্ধারিত সময়ে কাজ শুরু করা সম্ভব হয়নি।
পরিকল্পনা পরিবর্তনের বিষয়ে নির্মাতা জানান, প্রস্তুতির সময় গল্প, বাজেট এবং শিল্পী নির্বাচনসহ সার্বিক বিষয় বিবেচনায় তাঁদের মনে হয়েছে, ‘শিকার’ বড় পর্দার জন্য নির্মাণ করাই বেশি উপযুক্ত হবে। পরে প্রযোজনা প্রতিষ্ঠান রেজা ফিল্মসের সঙ্গে আলোচনা করে সিনেমা হিসেবে নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়।
নির্মাতা আরও জানান, এ মাসের মাঝামাঝি সময়ে পুরো টিম নেপালে যাবে। সেখানেই সিনেমার অধিকাংশ দৃশ্যের শুটিং সম্পন্ন হবে।
ইতোমধ্যে সিনেমার একটি রোমান্টিক গানের রেকর্ডিং শেষ হয়েছে। ‘দুজন মিলে বাঁচব এক জীবন’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল ও নাজমুন মুনিরা ন্যান্সি। কবির বকুলের লেখা গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন ইমরান। পাশাপাশি আকাশ মাহমুদের সুরে একটি আবেগঘন গানের রেকর্ডিংও সম্পন্ন হওয়ার কথা রয়েছে, যেখানে কণ্ঠ দিয়েছেন তিনিই।
সীমান্তবর্তী অঞ্চলকে ঘিরে নির্মিত থ্রিলারধর্মী এই সিনেমায় অপু বিশ্বাসকে একেবারে নতুন ও গ্ল্যামারাস রূপে দেখা যাবে বলে জানিয়েছেন পরিচালক। তাঁর ভাষ্য, গল্পই হবে ‘শিকার’-এর সবচেয়ে বড় শক্তি, আর সেই গল্পকে পর্দায় জীবন্ত করে তুলতে ইতোমধ্যে শিল্পী ও কলাকুশলীরা পূর্ণ প্রস্তুতি শুরু করেছেন।
অপু বিশ্বাসের পাশাপাশি সিনেমাটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মুরতজা পলাশ। নাটকে তাঁর অভিনয় দেখে এই চরিত্রের জন্য নির্বাচন করা হয়েছে বলে জানিয়েছেন নির্মাতা।
‘শিকার’ সিনেমার গল্প ও চিত্রনাট্য লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে চলতি বছরই ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তির লক্ষ্যে কাজ এগিয়ে নেওয়া হবে।