নিজস্ব প্রতিবেদক:
সরকারি অনুষ্ঠান উপলক্ষে তৈরি করা ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি—থ্রিডি বা অন্য যেকোনো আঙ্গিকে—ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে সরকার। এ বিষয়ে রোববার (৫ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটি পরিপত্র জারি করা হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের সাধারণ অধিশাখা থেকে জারি করা পরিপত্রে বলা হয়েছে, সরকারি অনুষ্ঠানসংক্রান্ত সব ধরনের ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড তৈরির ক্ষেত্রে এখন থেকে ব্যক্তিকেন্দ্রিক উপস্থাপনার পরিবর্তে অনুষ্ঠানের মূল উদ্দেশ্য, বিষয়বস্তু ও বার্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, নকশা এমনভাবে প্রস্তুত করতে হবে যাতে সংশ্লিষ্ট কর্মসূচির লক্ষ্য, প্রাসঙ্গিক তথ্য এবং জনসচেতনতামূলক বার্তা স্পষ্টভাবে ফুটে ওঠে।
পরিপত্রে বিষয়টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করে নির্দেশনাটি অনতিবিলম্বে কার্যকর করার কথা বলা হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব তানিয়া আফরোজ স্বাক্ষরিত এ পরিপত্র ইতোমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও সরকারি দপ্তরে পাঠানো হয়েছে।
নতুন এই নির্দেশনার ফলে সরকারি অনুষ্ঠানসংক্রান্ত প্রচারসামগ্রীতে ব্যক্তির ছবি ব্যবহারের পরিবর্তে কর্মসূচির বিষয়ভিত্তিক তথ্য ও জনস্বার্থ সংশ্লিষ্ট বার্তা তুলে ধরার ওপর জোর দেওয়া হবে।