১৯ বছর পর গিজার পিরামিডে ফিরছেন শাকিরা, নভেম্বরে জমবে ঐতিহাসিক কনসার্ট

বিনোদন ডেস্ক:

দীর্ঘ প্রায় দুই দশক পর আবারও মিশরের দর্শকদের সামনে পারফর্ম করতে যাচ্ছেন বিশ্বখ্যাত কলম্বিয়ান পপ তারকা শাকিরা। আগামী ২৮ নভেম্বর ইউনেসকো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের অংশ গিজার পিরামিড–এর পাদদেশে অনুষ্ঠিত হবে তার বিশেষ কনসার্ট।

অনুষ্ঠানটির আয়োজন করছে মধ্যপ্রাচ্যের আন্তর্জাতিক বিনোদন প্রতিষ্ঠান ভেনচার লাইফস্টাইল। এর আগে ২০০৭ সালে একই স্থানে শেষবারের মতো গান পরিবেশন করেছিলেন শাকিরা। প্রায় ১৯ বছর পর আবারও সেই ঐতিহাসিক মঞ্চে ফিরছেন তিনি।

আয়োজক প্রতিষ্ঠানটি অতীতে জেনিফার লোপেজ, জন লিজেন্ড, কেটি পেরিডেমি লোভাটো–সহ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পীদের কনসার্ট সফলভাবে আয়োজন করেছে। এবার সেই তালিকায় যুক্ত হচ্ছে শাকিরার বহুল প্রতীক্ষিত পরিবেশনা।

জানা গেছে, শাকিরার চলমান বিশ্ব সফরের অংশ হিসেবেই এই কনসার্ট অনুষ্ঠিত হবে। তার সর্বশেষ অ্যালবাম ‘লাস মুহেরেস ইয়া নো ইয়োরান’ প্রকাশের পর বিশ্বের বিভিন্ন দেশে ধারাবাহিকভাবে কনসার্ট করছেন এই লাতিন পপ তারকা।

তিন দশকেরও বেশি সময়ের সংগীতজীবনে শাকিরা বিশ্বব্যাপী ৯ কোটি ৫০ লাখের বেশি রেকর্ড বিক্রি করেছেন। পাশাপাশি অর্জন করেছেন একাধিক গ্র্যামিলাতিন গ্র্যামি অ্যাওয়ার্ড। আন্তর্জাতিক সংগীত অঙ্গনে তিনি লাতিন পপের অন্যতম সফল ও প্রভাবশালী শিল্পী হিসেবে পরিচিত।

সম্প্রতি তার পরিবেশিত ‘দাই দাই’ গানটি ফিফা বিশ্বকাপের অফিসিয়াল ট্র্যাক তালিকায় স্থান পাওয়ায় নতুন করে আলোচনায় এসেছেন এই গায়িকা।

মিশরে ফেরার অনুভূতি জানিয়ে এক বিবৃতিতে শাকিরা বলেন, ‘গিজার পিরামিডে আবারও পারফর্ম করার সুযোগ পেয়ে আমি ভীষণ আনন্দিত। মিশরের দর্শকদের সঙ্গে আবার দেখা হওয়ার অপেক্ষায় আছি। সবাইকে অনেক ভালোবাসা।’

বিশ্বের অন্যতম ঐতিহাসিক স্থাপনাকে ঘিরে আয়োজিত এই কনসার্টে দেশ-বিদেশের হাজারো দর্শকের উপস্থিতি হবে বলে আশা করছেন আয়োজকরা।