আজ সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের শেষ বিদায়

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের নামাজে জানাজা আজ রোববার (১২ জুলাই) বিকেল ৫টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। জানাজা শেষে জাতীয় সংসদের নির্ধারিত কবরস্থানে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হবে।

জাতীয় সংসদ সচিবালয় এ তথ্য নিশ্চিত করে জানিয়েছে, দেশের রাজনৈতিক ও সাংবিধানিক অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রাখা এই প্রবীণ ব্যক্তিত্বের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তি, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা উপস্থিত থাকবেন।

১৯৩১ সালের ১ ডিসেম্বর পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার নয়াবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। রোববার ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর।

শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএ ও এলএলবি ডিগ্রি অর্জন করেন। পরে ১৯৬১ সালে উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যে গিয়ে লন্ডনের লিংকনস ইন থেকে ‘ব্যারিস্টার-অ্যাট-ল’ ডিগ্রি লাভ করেন।

দেশে ফিরে আইন পেশায় যুক্ত হয়ে সংবিধান, দেওয়ানি ও ফৌজদারি আইন বিষয়ে দক্ষ আইনজীবী হিসেবে সুপ্রিম কোর্টে সুনাম অর্জন করেন। পরবর্তী সময়ে তিনি অষ্টম জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন এবং দেশের সংসদীয় কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

তার মৃত্যুতে দেশের আইন অঙ্গন ও রাজনৈতিক পরিমণ্ডলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।