ফরিদপুর প্রতিনিধি : জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, ‘জাতীয় সংসদ দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। গণঅভ্যুত্থানের পর নতুন যে জাতীয় সংসদ নির্বাচিত হয়েছে, সেই সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক। অতীতের বিভিন্ন নির্বাচিত সংসদ নিয়ে জনগণের মধ্যে নানা প্রশ্ন ও সমালোচনা ছিল। তবে বর্তমান সংসদে জনগণের প্রতিনিধিত্ব, মতপ্রকাশ এবং গণতান্ত্রিক চর্চার সুযোগ আরও বিস্তৃত হয়েছে।’ শুক্রবার (১৭ জুলাই) দুপুরে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের সাউতিকান্দা গ্রামে এ কথা বলেন তিনি। ডেপুটি স্পিকার আরও বলেন, ‘জাতীয় সংসদ এখন জনগণের রাজনীতি চর্চার অন্যতম ক্ষেত্র। আগামীর বাংলাদেশ কীভাবে পরিচালিত হবে, সে বিষয়ে সংসদ গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবে। সরকারি ও বিরোধীদল উভয়ের অংশগ্রহণে দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে সংসদকে আরও কার্যকর করার চেষ্টা চলছে। ২৪-এর গণঅভ্যুত্থানে যারা রক্ত দিয়েছেন, তাদের আত্মত্যাগের প্রতিফলন ঘটানোর লক্ষ্যেই আমরা কাজ করছি।’এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল, ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম, ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক মো. আইয়ুব মোল্লা। এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) সাদরুল আলম, ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।