নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান পাঁচ দিনের সরকারি সফরে তুরস্ক গেছেন। তুরস্ক সরকারের আনুষ্ঠানিক আমন্ত্রণে রোববার (১৯ জুলাই) তিনি ঢাকা ত্যাগ করেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সফরকালে সেনাপ্রধান তুরস্কের বিভিন্ন প্রতিরক্ষা শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শন করবেন এবং দেশটির সামরিক সক্ষমতা ও প্রতিরক্ষা প্রযুক্তি সম্পর্কে সরেজমিনে ধারণা নেবেন।
এ ছাড়া সফরের অংশ হিসেবে তুরস্কের সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি প্রতিরক্ষা খাতের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়ে অংশ নেবেন তিনি।
আইএসপিআর জানায়, এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বিদ্যমান প্রতিরক্ষা সহযোগিতা আরও সম্প্রসারণ, পারস্পরিক সম্পর্ক জোরদার এবং সামরিক খাতে ভবিষ্যৎ সহযোগিতার নতুন সম্ভাবনা নিয়ে আলোচনা হবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, সেনাপ্রধানের এ সফর দুই দেশের প্রতিরক্ষা সম্পর্ককে আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।