যুগপৎ জোটের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম আনুষ্ঠানিক বৈঠক আজ, নৈশভোজে আমন্ত্রণ তারেক রহমানের

নিজস্ব প্রতিবেদক:

যুগপৎ আন্দোলনের শরিক রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের সম্মানে নৈশভোজের আয়োজন করেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই আয়োজন অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করে জানান, ফ্যাসিস্ট সরকারের পতনে যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া শরিক দলগুলোর নেতাদের সম্মান জানাতেই এই নৈশভোজের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান আমন্ত্রিত নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন এবং সৌজন্য সাক্ষাৎ করবেন।

তিনি জানান, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এ আয়োজনে যুগপৎ আন্দোলনের শরিক বিভিন্ন দলের দেড় শতাধিক নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে। ইতোমধ্যে আমন্ত্রিতদের কাছে প্রধানমন্ত্রীর স্বাক্ষরিত আমন্ত্রণপত্র পৌঁছে দেওয়া হয়েছে।

নৈশভোজে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরাও উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন অতিরিক্ত প্রেস সচিব।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী হয়ে বিএনপি সরকার গঠনের পর এই প্রথমবারের মতো যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই আয়োজনকে রাজনৈতিক সৌহার্দ্য ও জোটগত সম্পর্ক আরও সুদৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।