প্রবাসী কার্ডে মিলবে প্রায়োরিটি চেক-ইন ও বোর্ডিং সুবিধা

প্রবাসী কার্ডধারীদের প্রায়োরিটি চেক-ইন ও বোর্ডিং সুবিধাসহ একাধিক বিশেষ সেবা চালুর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রবাসী কার্ড বিতরণে বিমানবন্দর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের করণীয় সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় এসব তথ্য তুলে ধরা হয়। সভায় সভাপতিত্ব করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম। এ সময় উপস্থিত ছিলেন- প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (এশিয়া প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক) ড. মো. শাকিরুল ইসলাম খান। মন্ত্রী আফরোজা খানম বলেন, প্রবাসী ভাইদের সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিতে আমরা উদ্যোগ গ্রহণ করেছি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স টিকিট এবং বলাকা লাউঞ্জ ব্যবহারে বিশেষ ডিসকাউন্ট দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে। আমরা ইতোমধ্যেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী সাধারণের সুবিধার্থে শাটল বাস সার্ভিস চালু করেছি। প্রবাসীদের জন্য হয়রানিমুক্ত বিমান সেবা নিশ্চিতে আমরা বদ্ধ পরিকর। প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, বাংলাদেশ পর্যটন করপোরেশনের হোটেল মোটেল গুলোতেও আমরা প্রবাসীদের জন্য বিশেষ ছাড় দেওয়ার বিষয়ে ভাবছি। এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রবাসীদের জন্য প্রায়োরিটি, চেক-ইন ও বোর্ডিং সুবিধা দেওয়ার ব্যবস্থাও গ্রহণ করা হবে। এসব সুবিধা মিলবে বর্তমান সরকারের প্রবাসী কার্ডের মাধ্যমে। সভার শুরুতে বর্তমান সরকারের নির্বাচনী ইশতাহারের অন্তর্ভুক্ত প্রবাসী কার্ড বাস্তবায়নে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর কাছে বিভিন্ন সহযোগিতার ক্ষেত্রগুলো উপস্থাপন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।