রংপুর প্রতিনিধি
সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়েই রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, রাষ্ট্রপতি পদে প্রার্থী মনোনয়নের বিষয়ে বিএনপি দলীয় সিদ্ধান্ত অনুযায়ী চূড়ান্ত পদক্ষেপ নেবে।
সোমবার (২৭ জুলাই) রংপুর বাস টার্মিনাল এলাকায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) নতুন বিভাগীয় কার্যালয়ের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট। সংবিধানের বিধান অনুসারেই নির্বাচন সম্পন্ন হবে এবং এ বিষয়ে বিএনপিও দলীয় প্রক্রিয়া অনুযায়ী তাদের প্রার্থী নির্ধারণ করবে।
রাজনৈতিক প্রসঙ্গে তিনি বলেন, যারা বিএনপিকে ফ্যাসিবাদী দল হিসেবে আখ্যা দেন, তাদের রাজনৈতিক জ্ঞান ও বাস্তবতা সম্পর্কে ধারণার ঘাটতি রয়েছে। তার দাবি, বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। অন্য রাজনৈতিক দলগুলোর আদর্শ ও অবস্থান সম্পর্কে মূল্যায়ন সংশ্লিষ্ট দলগুলোর নেতারাই করবেন।
এ সময় অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার মোহাম্মদ শহিদুল ইসলাম, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তা এবং বিএনপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিআরডিবির বিভাগীয় কার্যালয়ের উদ্বোধনের পর মির্জা ফখরুল রংপুর পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণে আয়োজিত পল্লী মেলার উদ্বোধন করেন এবং বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
পরে রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিআরডিবির বিভিন্ন প্রকল্পের সুফলভোগীদের মধ্যে গাছের চারা ও ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে অংশ নেন। সেখানে তিনি গ্রামীণ উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন।