দেশের আবাসন খাতের অন্যতম বৃহৎ আয়োজন ‘রিহ্যাব সামার ফেয়ার-২০২৬’ আগামী ১২ আগস্ট থেকে শুরু হচ্ছে। চার দিনব্যাপী এই আবাসন মেলা চলবে ১৫ আগস্ট পর্যন্ত। সোমবার (২৭ জুলাই) রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) স্ট্যান্ডিং কমিটি ফর প্রেস অ্যান্ড মিডিয়া (২০২৬–২০২৮)-এর প্রথম সভা শেষে মেলার আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করা হয়।
রাজধানীর শহীদ আবু সাঈদ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এই মেলায় দেশের শীর্ষস্থানীয় রিয়েল এস্টেট প্রতিষ্ঠান, আবাসন-সংশ্লিষ্ট বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান এবং আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের স্টল থাকবে।
মেলায় আগত দর্শনার্থীরা একই স্থানে বিভিন্ন প্রকল্পের ফ্ল্যাট, প্লট, গৃহঋণ সুবিধা এবং সম্পত্তিতে বিনিয়োগসংক্রান্ত তথ্য সংগ্রহ ও তুলনামূলকভাবে যাচাই করার সুযোগ পাবেন। ফলে আবাসন খাতে আগ্রহীদের জন্য এটি হবে তথ্যভিত্তিক সিদ্ধান্ত নেওয়ার একটি কার্যকর প্ল্যাটফর্ম।
এর আগে রিহ্যাব সচিবালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত স্ট্যান্ডিং কমিটির প্রথম সভায় সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান ও রিহ্যাব পরিচালক তাসনোভা মাহবুব সালাম। তিনি রিহ্যাবের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরা, গণমাধ্যমের সঙ্গে কার্যকর সমন্বয় জোরদার, ডিজিটাল প্ল্যাটফর্মে সক্রিয় উপস্থিতি বৃদ্ধি এবং গুজব মোকাবিলায় একটি সমন্বিত কর্মপরিকল্পনার কথা তুলে ধরেন।
সভায় রিহ্যাবের প্রেসিডেন্ট ড. আলী আফজাল বলেন, পরিকল্পিত নগরায়ণ বাস্তবায়ন এবং আবাসন খাতের সঠিক তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে দায়িত্বশীল গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এ সময় সংগঠনটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক, ভাইস প্রেসিডেন্ট এ. এফ. এম. ওবায়দুল্লাহ, ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) ড. মো. হারুন অর রশিদ এবং প্রেস অ্যান্ড মিডিয়া কমিটির কো-চেয়ারম্যান ও সদস্যরা উপস্থিত ছিলেন। তারা মেলার সফল আয়োজন ও কার্যকর প্রচারণা নিশ্চিত করতে বিভিন্ন গঠনমূলক মতামত ও পরামর্শ দেন।