টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: জনস্বার্থে ব্যবস্থা নেওয়ার আশ্বাস সরকারের

দেশের বাজারে বিক্রি হওয়া বিভিন্ন ব্র্যান্ডের টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যে সরকার বিষয়টিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। তিনি বলেছেন, জনস্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলো কাজ করবে।

মঙ্গলবার (২৮ জুলাই) সচিবালয়ে সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি নিয়ে সরকারের অবস্থান জানতে চাইলে জাহেদ উর রহমান বলেন, এটি শুধু টুথপেস্টের মধ্যে সীমাবদ্ধ কোনো সমস্যা নয়; বরং মাইক্রোপ্লাস্টিক এখন পরিবেশজুড়ে ছড়িয়ে পড়েছে। খাবার, পানীয়সহ বিভিন্ন উৎসের মাধ্যমে এই ক্ষুদ্র প্লাস্টিক কণা মানুষের শরীরে প্রবেশ করছে।

তিনি বলেন, শুধু একটি পণ্যের বিরুদ্ধে ব্যবস্থা নিলেই সমস্যার সমাধান হবে না। এ জন্য প্রয়োজন সমন্বিত ও দীর্ঘমেয়াদি উদ্যোগ। তবে টুথপেস্টে যে পরিমাণ মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতির তথ্য উঠে এসেছে, তা বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলো প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে আশা প্রকাশ করেন তিনি।

উপদেষ্টা আরও বলেন, জনগণের মধ্যে স্বাস্থ্যসচেতনতা আগের তুলনায় অনেক বেড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। জনগণের ভোটে নির্বাচিত সরকার হিসেবে জনস্বার্থ সংশ্লিষ্ট যেকোনো বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সম্প্রতি পরিবেশ ও সামাজিক উন্নয়ন সংস্থা (ইএসডিও) দেশের বাজারে বিক্রি হওয়া ১৯টি ব্র্যান্ডের ৩৪টি টুথপেস্টের নমুনা পরীক্ষা করে। সংস্থাটির গবেষণায় ২৬টি নমুনায়, অর্থাৎ প্রায় ৭৬ দশমিক ৫ শতাংশে, মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি শনাক্ত হয়েছে। উদ্বেগের বিষয় হলো, শিশুদের জন্য বাজারজাত কয়েকটি টুথপেস্টেও এই ক্ষুদ্র প্লাস্টিক কণার অস্তিত্ব পাওয়া গেছে।