ধর্ম, বর্ণ বিবেচনায় কোনো চক্রান্ত বাস্তবায়ন হতে দেওয়া হবে না: তথ্যমন্ত্রী

বরিশাল প্রতিনিধি : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ধর্ম বিশ্বাস, ধর্ম চর্চাকে পুঁজি করে কোনো মহল কাউকে পকেটে নেওয়ার চেষ্টা করলে ধর্মবাদী মানুষ তাদের চিহ্নিত করবেন। বাংলাদেশে ধর্ম, বর্ণ বিবেচনায় কোনো চক্রান্ত বাস্তবায়ন হতে দেওয়া হবে না। শুক্রবার (৩১ জুলাই) দুপুরে বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে পূজা উদযাপন পরিষদ বরিশাল জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলনে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। অতএব কোনো ধর্মাবলম্বীকে যদি কেউ ব্যবহার করতে চায়, রাষ্ট্রকে কোনো ধর্মের মাধ্যমে গ্রাস করবে, এ ধরনের সাম্প্রদায়িকতা ধর্মবিরোধীৃ। যখনই ধর্ম বিশ্বাসকে, চর্চাকে কোনো মহল একটি সাম্প্রদায়িক পকেটে পরিণত করার চেষ্টা করবে, সঙ্গে সঙ্গে ধর্মপ্রাণ মানুষ ওই ধর্মব্যবসায়ীকে চিহ্নিত করবেন। জহির উদ্দিন স্বপন বলেন, রাজনৈতিক নেতাদের সমস্ত বক্তব্য জনগণের কল্যাণের জন্য। যতক্ষণ পর্যন্ত জনগণ তা কল্যাণকর মনে করবে ততক্ষণ পর্যন্ত সেই দল, সেই মার্কা জনগণের কাছে গ্রহণযোগ্য থাকবে। তথ্যমন্ত্রী বলেন, আপনারা যারা বহুদিন নৌকা মার্কা বা অন্য কোনো মার্কায় ভোট দিয়েছেন, তারা বিশ্বাস করেছেন যে আপনাদের রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় এবং অর্থনৈতিক অধিকারের জন্য করা উচিত, তাহলে আপনারা কোনো ভুল করেননি। যেমনটি গত নির্বাচনে আপনাদের নিজেদের প্রয়োজনে, স্বার্থে ধানের শীষে ভোট দিয়েছেন। দ্বিবার্ষিক সম্মেলনে অতিথি হিসেবে বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন, বরিশাল জেলা পরিষদের প্রশাসক আঁকন কুদ্দুসুর রহমান, বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, জেলা পূজা উদযাপন কমিটির সাবেক সভাপতি রাখাল চন্দ্র দে, সাদা মনের মানুষ খ্যাত বিজয় কৃষ্ণ দেসহ পূজা উদযাপন কমিটির স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি মানিক লাল মুখার্জী।