ফিটনেসবিহীন গাড়ি ও অদক্ষ চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে : ডিএনসিসি প্রশাসক

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেছেন, যেসব গাড়ি ফিটনেসবিহীন অবস্থায় রাস্তায় চলাচল করে এবং যেসব ড্রাইভারের লাইসেন্স নেই ও অদক্ষ বিআরটিএর সঙ্গে আলোচনা করে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। শুক্রবার (৩১ জুলাই) রাজধানীর মধ্যবাড্ডায় কর্মরত অবস্থায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত পরিচ্ছন্নকর্মী শেফালী বেগমের মরদেহ দেখতে এসে তিনি এ কথা বলেন প্রশাসক জানান, যেসব গাড়ির অদক্ষ ড্রাইভার রাস্তায় গাড়ি চালায়, দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং এরকম মর্মান্তিক মৃত্যু আর যেন না ঘটে সে বিষয়ে সবাইকে সতর্কতা অবলম্বন করতে হবে। প্রশাসক বলেন, পরিচ্ছন্ন কর্মীরা দিনরাত পরিশ্রম করে নগরের সেবা দিয়ে যাচ্ছেন। তারা যেন নিরাপদে ও নিরবচ্ছিন্নভাবে কাজ করতে পারে, সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। ডিএনসিসির পরিচ্ছন্ন কর্মীদের পাশে থেকে সব সময় সহযোগিতার ঘোষণা দেন প্রশাসক। যে সব ড্রাইভাররা বেপরোভাবেগাড়ি চালিয়ে যানজট সৃষ্টিসহ দুর্ঘটনা ঘটান তাদেরকে সতর্ক হওয়ার হুঁশিয়ারি দেন প্রশাসক। প্রশাসক নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং শোকাহত পরিবারকে সান্ত্বনা প্রদানের পাশাপাশি নিহতের পরিবারকে ডিএনসিসির পক্ষ থেকে চার লক্ষ টাকা আর্থিক অনুদান এবং এক বছরের বেতন প্রদানের ঘোষণা দেওয়া হয়। পরিদর্শনকালে ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর মো. হুমায়ুন কবিরসহ ডিএনসিসির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।