গ্রিভস-চেজের দৃঢ়তায় এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ, প্রথম দিন চাপে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক:

ত্রিনিদাদের কুইন’স পার্ক ওভালে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে স্পিনারদের দাপট দেখিয়েও পুরোপুরি সুবিধা নিতে পারেনি পাকিস্তান। দিনের বেশিরভাগ সময় বল হাতে নিয়ন্ত্রণ ধরে রাখলেও শেষ সেশনে জাস্টিন গ্রিভস ও অধিনায়ক রোস্টন চেজের অবিচ্ছিন্ন জুটিতে শক্ত অবস্থান গড়ে তুলেছে ওয়েস্ট ইন্ডিজ।

বৃষ্টি ও আলোকস্বল্পতায় খেলা আগেভাগে শেষ হওয়ার আগে স্বাগতিকরা ৫ উইকেট হারিয়ে ২৩৯ রান সংগ্রহ করে। ১২৫ বলে ৬৪ রানে অপরাজিত ছিলেন জাস্টিন গ্রিভস, আর রোস্টন চেজ দিন শেষ করেন ৩৬ রানে অপরাজিত থেকে। ষষ্ঠ উইকেটে তাদের অবিচ্ছিন্ন ৬৬ রানের জুটি পাকিস্তানের আশা অনেকটাই ম্লান করে দেয়।

দিনের শুরুতে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা আত্মবিশ্বাসী সূচনা করেন। বৃষ্টির কারণে প্রথম সেশন সংক্ষিপ্ত হলেও ৯.৫ ওভারে ৪৯ রান তোলে তারা। তবে লাঞ্চের ঠিক আগে মোহাম্মদ আলীর শিকার হয়ে ফিরে যান ওপেনার তেজনারাইন চন্দরপল।

দ্বিতীয় সেশনে ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়ায় পাকিস্তান। স্পিনার সাজিদ খান ও আলী উসমান ধারাবাহিকভাবে চাপ সৃষ্টি করেন। ব্র্যান্ডন কিং এলবিডব্লিউ হয়ে ফেরেন, আর আলী উসমান তুলে নেন নিজের টেস্ট ক্যারিয়ারের প্রথম উইকেট। এরপর কাভেম হজও সাজিদ খানের বলে উইকেটের পেছনে মোহাম্মদ রিজওয়ানের দুর্দান্ত ক্যাচে বিদায় নেন।

চাপের মুখে শাই হোপ ও আমির জাঙ্গু দলকে সামাল দেওয়ার চেষ্টা করেন। দুজনের ব্যাটে গড়ে ওঠে গুরুত্বপূর্ণ জুটি। তবে উবাইদ শাহ জাঙ্গুকে ফিরিয়ে সেই জুটি ভাঙলেও পরে কিছুটা খরুচে বোলিং করেন তিনি।

শাই হোপ আক্রমণাত্মক ব্যাটিংয়ে ম্যাচের গতি বদলে দেন। কয়েকটি দৃষ্টিনন্দন বাউন্ডারি ও একটি ছক্কায় রান তোলার গতি বাড়ান তিনি। পরে মোহাম্মদ আলীর বলে আউট হওয়ার আগে দলের জন্য মূল্যবান রান যোগ করেন।

হোপের বিদায়ের পর নাইটওয়াচম্যান হিসেবে নামানো হয় অধিনায়ক রোস্টন চেজকে। শেষ সেশনে গ্রিভসকে সঙ্গে নিয়ে কোনো উইকেট না হারিয়ে গুরুত্বপূর্ণ জুটি গড়ে দিনটি নিজেদের করে নেয় ওয়েস্ট ইন্ডিজ।

প্রথম দিনের খেলা শেষে ৫ উইকেটে ২৩৯ রান নিয়ে স্বস্তিতে রয়েছে স্বাগতিকরা। অন্যদিকে দ্বিতীয় দিনে দ্রুত উইকেট তুলে ম্যাচে ফেরার লক্ষ্য নিয়েই মাঠে নামবে পাকিস্তান।