৩–৮ আগস্ট সক্রিয় হতে পারে বৃষ্টির নতুন বলয়, ভারী বর্ষণ ও আকস্মিক বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক:

দেশের আবহাওয়ায় আবারও বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। আগামী ৩ আগস্ট থেকে ৮ আগস্ট পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে একটি আংশিক সক্রিয় বৃষ্টি বলয় প্রভাব ফেলতে পারে। এ সময় দেশের প্রায় ৫০ থেকে ৬০ শতাংশ এলাকায় কমবেশি উল্লেখযোগ্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এটি পুরো দেশে সমানভাবে প্রভাব ফেলবে না; বরং কিছু এলাকায় অতিভারী বর্ষণ হতে পারে।

বেসরকারি আবহাওয়া পর্যবেক্ষণ সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, এই বৃষ্টি বলয়ের সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগে। এছাড়া ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে মাঝারি মাত্রার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, প্রথমদিকে বৃষ্টি বলয়টি রংপুর, ময়মনসিংহ ও সিলেটে সক্রিয় থাকবে। ৪ আগস্ট রাজশাহী বিভাগে এর বিস্তার ঘটতে পারে। পরে ৫ ও ৬ আগস্ট দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টির তীব্রতা বাড়বে এবং এই দুই দিনই সবচেয়ে বেশি বর্ষণের সম্ভাবনা রয়েছে।

বিডব্লিউওটি আরও জানিয়েছে, ভারী বৃষ্টির কারণে উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পেতে পারে। এতে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের নিচু ও বন্যাপ্রবণ এলাকায় সাময়িক জলাবদ্ধতা বা আকস্মিক বন্যার ঝুঁকি তৈরি হতে পারে।

এই সময় আকাশ অধিকাংশ এলাকায় মেঘাচ্ছন্ন থাকবে। বিশেষ করে ৫ ও ৬ আগস্ট সূর্যের দেখা মিলবে খুব কম। তবে খুলনা, বরিশাল ও চট্টগ্রামের দক্ষিণাঞ্চলে মাঝে মাঝে রোদের দেখা মিলতে পারে।

বিভাগভিত্তিক সম্ভাব্য গড় বৃষ্টিপাতের হিসাবে রংপুর বিভাগে ২২০–২৫০ মিলিমিটার, সিলেট ও ময়মনসিংহে ২০০–২৫০ মিলিমিটার, রাজশাহীতে ১৭০–২২০ মিলিমিটার, খুলনায় ১৪০–১৫০ মিলিমিটার, ঢাকায় ১০০–১২০ মিলিমিটার এবং চট্টগ্রাম ও বরিশালে ৮০–১২০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। তবে এ পরিমাণ বিভাগীয় গড়; জেলা ও স্থানীয় পর্যায়ে বৃষ্টির পরিমাণ ভিন্ন হতে পারে।

সমুদ্রেও বড় ধরনের নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের আশঙ্কা না থাকলেও গভীর মেঘমালার কারণে হঠাৎ দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই সাগর ও উপকূলীয় এলাকায় চলাচলকারী নৌযানগুলোকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে সংস্থাটি।

বিডব্লিউওটি জানিয়েছে, বায়ুমণ্ডলের স্বাভাবিক পরিবর্তনের কারণে বৃষ্টি বলয়ের সময়, বিস্তার ও তীব্রতায় কিছুটা পরিবর্তন আসতে পারে। তাই পরবর্তী আবহাওয়া বুলেটিন নিয়মিত অনুসরণ করারও পরামর্শ দেওয়া হয়েছে।