আজহারুল আজাদ জুয়েল, দিনাজপুর: দিনাজপুরের বিরল উপজেলায় বিবাহ বিচ্ছেদ হওয়া স্বামী কর্তৃক দুই সন্তানের জননীকে পেট্রোলের আগুনে পুড়িয়ে হত্যার ঘটনা ঘটেছে। বিরল থানা পুলিশ রাতেই ঘাতক স্বামীকে আটক করতে সক্ষম হয়েছে। বিরল থানা সূত্রে জানা যায়, বিরল উপজেলার ৭নং বিজোড়া ইউনিয়নের বিজোড়া (সুতারপাড়া) গ্রামের সিরাজুল ইসলামের কন্যা সুমাইয়া আক্তার শ্যামলী (২৫) এর সাথে রংপুর কোতয়ালী থানার লালবাগ এলাকার স্থায়ী বাসিন্দা ও বিরল উপজেলার একই ইউনিয়নের দোগাছী (বুধারপাড়া) গ্রামের অস্থায়ী বাসিন্দা মৃত সফি উদ্দীনের ছেলে মাহবুবুর রহমান (৫১) এর প্রায় ২ মাস পূর্বে বিবাহবিচ্ছেদ হলে ১ আগস্ট ২০২৬ তারিখ রাত ১১টায় জোড়পূর্বক সাবেক স্ত্রীর পিতার বাড়ীতে প্রবেশ করে এবং শরীরে পেট্রোল ঢেলে লাইটার দিয়ে আগুন ধরিয়ে দেয়। তার চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এলে ঘাতক স্বামী দ্রুত পালিয়ে যায়। প্রতিবেশিরা গুরুতর আহত সুমাইয়া আক্তার শ্যামলী (২৫) কে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। কিন্তু সেখানে যাওয়ার পর তার অবস্থার আরো অবনতি হয় এবং পূণরায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপালে ফিরিয়ে আনার হয়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক ভোর ৪টায় তাকে মৃত ঘোষণা করেন।