হজ শেষে দেশে ফিরেছেন ৩৭ হাজার ৪৩৫ হাজি

পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে এখন পর্যন্ত দেশে ফিরেছেন ৩৭ হাজার ৪৩৫ জন বাংলাদেশি হাজি। এদিকে হজ চলাকালে সৌদি আরবের বিভিন্ন শহরে ৪৮ জন বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে। বর্তমানে দেশটির বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২২ জন হাজি।

ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালে প্রকাশিত আইটি হেল্প ডেস্কের দৈনিক বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

বুলেটিন অনুযায়ী, দেশে ফেরা মোট ৩৭ হাজার ৪৩৫ হাজির মধ্যে সরকারি ব্যবস্থাপনায় রয়েছেন ৩ হাজার ৩২৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৩৪ হাজার ১০৭ জন।

ফিরতি হজ ফ্লাইট পরিচালনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিবহন করেছে ১৪ হাজার ৬০ জন হাজি, সৌদি এয়ারলাইন্স ১৪ হাজার ২৪১ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ৭ হাজার ৭০০ জন হাজিকে দেশে ফিরিয়েছে।

এ পর্যন্ত মোট ৮৯টি ফিরতি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ৩৪টি, সৌদি এয়ারলাইন্স ৩৫টি এবং ফ্লাইনাস পরিচালনা করেছে ২০টি ফ্লাইট।

অন্যদিকে, চলতি হজ মৌসুমে সৌদি আরবে এখন পর্যন্ত ৪৮ জন বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ৩২ জন পুরুষ এবং ১৬ জন নারী। তাদের মধ্যে মক্কায় ৩৫ জন, মদিনায় ১২ জন এবং জেদ্দায় একজন মারা গেছেন।

হজ বুলেটিনে আরও জানানো হয়েছে, সৌদি আরবের বিভিন্ন স্থানীয় হাসপাতালে এ পর্যন্ত ৩৯৮ জন হাজি চিকিৎসাসেবা নিয়েছেন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ২২ জন বাংলাদেশি হাজি।

চলতি বছর বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জনসহ মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রীর কোটা নির্ধারণ করা হয়।

উল্লেখ্য, হজযাত্রীদের সৌদি আরবগামী প্রথম ফ্লাইট ছিল গত ১৮ এপ্রিল এবং শেষ ফ্লাইট ২১ মে। অন্যদিকে হাজিদের ফিরতি ফ্লাইট কার্যক্রম শুরু হয়েছে ৩০ মে থেকে, যা আগামী ৩০ জুন পর্যন্ত চলবে।