নিজস্ব একটি ফ্ল্যাট বা বাড়ির স্বপ্ন পূরণে মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত মানুষের জন্য নতুন আশার বার্তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আবাসন খাতে দীর্ঘমেয়াদি অর্থায়ন সহজ করতে বন্ডভিত্তিক অর্থায়ন ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান।
রোববার (৭ জুন) বিকেলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে গভর্নরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় আবাসন খাতের উন্নয়ন, বিনিয়োগ পরিবেশ এবং গৃহঋণ সহজীকরণ নিয়ে বিস্তারিত আলোচনা করে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর একটি প্রতিনিধি দল।
রিহ্যাব প্রেসিডেন্ট ড. আলী আফজালের নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকে আবাসন খাতের বর্তমান সংকট, বাজার পরিস্থিতি এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। এ সময় রিহ্যাব নেতারা দীর্ঘমেয়াদি ও সিঙ্গেল ডিজিট সুদে (১০ শতাংশের নিচে) গৃহঋণ চালুর পাশাপাশি আবাসন খাতের জন্য একটি বিশেষ হাউজিং তহবিল গঠনের দাবি জানান।
বৈঠকে রিহ্যাব নেতারা বলেন, প্রথমবারের মতো ফ্ল্যাট বা বাড়ি কিনতে আগ্রহীদের জন্য সহজ শর্তে ও স্বল্পসুদে দীর্ঘমেয়াদি ঋণের ব্যবস্থা করা গেলে লাখো মানুষের আবাসনের স্বপ্ন বাস্তবে রূপ নেবে। একই সঙ্গে আবাসন শিল্পে নতুন বিনিয়োগ বাড়বে এবং দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।
রিহ্যাব প্রেসিডেন্ট ড. আলী আফজাল বলেন, “স্বল্পসুদের দীর্ঘমেয়াদি গৃহঋণ চালু করা গেলে সাধারণ মানুষের জন্য নিজস্ব বাসস্থান অর্জন অনেক সহজ হবে। পাশাপাশি আবাসন খাতও নতুন করে গতিশীলতা ফিরে পাবে।”
অন্যদিকে রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক রাজধানী ঢাকার ওপর জনসংখ্যার চাপ কমানোর ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, জেলা ও উপজেলা পর্যায়ে পরিকল্পিত আবাসন প্রকল্প গড়ে তুলতে হবে এবং দেশের সব অঞ্চলে স্বল্পসুদের হাউজিং ঋণের সুবিধা সম্প্রসারণ করতে হবে।
বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবাসন খাতের গুরুত্ব তুলে ধরে বলেন, দীর্ঘমেয়াদি অর্থায়নের সুযোগ বাড়াতে বন্ডভিত্তিক অর্থায়ন ব্যবস্থা চালুর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। এ উদ্যোগ বাস্তবায়িত হলে আবাসন খাতে বিনিয়োগ বৃদ্ধি পাবে এবং সাধারণ মানুষের জন্য গৃহঋণ প্রাপ্তি আরও সহজ হতে পারে।
সংশ্লিষ্টরা মনে করছেন, স্বল্পসুদে দীর্ঘমেয়াদি গৃহঋণ চালু এবং নতুন অর্থায়ন কাঠামো বাস্তবায়ন করা গেলে আবাসন খাতে স্থবিরতা কাটবে, কর্মসংস্থান বাড়বে এবং মধ্যবিত্ত মানুষের বহুদিনের নিজস্ব বাসস্থানের স্বপ্ন পূরণে নতুন দিগন্ত উন্মোচিত হবে।