প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে ভাইস অ্যাডমিরাল র‍্যাঙ্ক ব্যাজ পেলেন নতুন নৌবাহিনী প্রধান

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ নৌবাহিনীর নেতৃত্বে নতুন অধ্যায়ের সূচনা হলো। নবনিযুক্ত নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম আনুষ্ঠানিকভাবে ভাইস অ্যাডমিরাল পদমর্যাদার র‌্যাঙ্ক ব্যাজ ধারণ করেছেন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে ঢাকা সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিদায়ী নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম. নাজমুল হাসান তার কাঁধে ভাইস অ্যাডমিরাল পদমর্যাদার র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নবনিযুক্ত নৌবাহিনী প্রধানকে অভিনন্দন জানান এবং দায়িত্ব পালনে শুভকামনা জানান। এ সময় খোন্দকার মিসবাহ উল আজীম বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

র‌্যাঙ্ক ব্যাজ পরানোর অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামসুল ইসলাম, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মো. শাহীনুর রহমান, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিক এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সেক্রেটারি আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।

চার দশকের অভিজ্ঞতায় নৌবাহিনীর নতুন প্রধান

ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম ১৯৮৭ সালের ১ জানুয়ারি বাংলাদেশ নৌবাহিনীতে যোগ দেন এবং ১৯৮৯ সালে এক্সিকিউটিভ শাখায় কমিশন লাভ করেন। কর্মজীবনের শুরুতেই তিনি রয়্যাল মালয়েশিয়ান নৌবাহিনীতে বিশেষ কৃতিত্বের সঙ্গে প্রাথমিক সামরিক প্রশিক্ষণ সম্পন্ন করেন।

দেশ-বিদেশে বিভিন্ন উচ্চতর সামরিক প্রশিক্ষণ গ্রহণের পাশাপাশি তিনি মেরিটাইম গভর্ন্যান্স বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন।

দীর্ঘ কর্মজীবনে তিনি বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে রয়েছে কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, কমান্ডার ঢাকা নৌ অঞ্চল, কমান্ডার সাবমেরিন, কমান্ড্যান্ট বাংলাদেশ নেভাল একাডেমি, নৌ সদর দপ্তরের পরিচালক নৌ অপারেশনস এবং পরিচালক নৌ পরিকল্পনাসহ একাধিক গুরুত্বপূর্ণ পদ। এছাড়া তিনি বিভিন্ন যুদ্ধজাহাজ ও নৌঘাঁটির অধিনায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

শান্তিরক্ষা মিশন ও কূটনৈতিক দায়িত্বেও সফলতা

সামরিক দায়িত্বের পাশাপাশি জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে লেবাননগণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন খোন্দকার মিসবাহ উল আজীম।

সবশেষে তিনি ওমানে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। ওই সময়ে বাংলাদেশ-ওমান দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করা এবং প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন।

বিভিন্ন পদক ও সম্মাননায় ভূষিত

প্রায় ৪০ বছরের বর্ণাঢ্য কর্মজীবনে পেশাদারিত্ব, নেতৃত্ব ও অবদানের স্বীকৃতি হিসেবে তিনি নৌবাহিনী পদক (এনবিপি), নৌ-পারদর্শিতা পদক (এনপিপি) এবং জাতীয় শুদ্ধাচার পুরস্কারসহ একাধিক গুরুত্বপূর্ণ পদক ও সম্মাননায় ভূষিত হয়েছেন। নতুন দায়িত্বে তার নেতৃত্বে বাংলাদেশ নৌবাহিনী আরও আধুনিক ও সক্ষম বাহিনী হিসেবে এগিয়ে যাবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।