অনলাইন সংবাদ পোর্টালের জন্য নতুন নীতিমালা প্রণয়ন করছে সরকার

অনলাইন সংবাদমাধ্যমের নিবন্ধন ও পরিচালনা কার্যক্রম আরও সুশৃঙ্খল, স্বচ্ছ এবং জবাবদিহিমূলক করতে নতুন নীতিমালা প্রণয়নের কাজ করছে সরকার। একই সঙ্গে দুর্বল প্রকাশনা রেকর্ড থাকা জেলাভিত্তিক সংবাদপত্রগুলোকে সরকারি তালিকাভুক্তির আওতায় আনার বিষয়টিও পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

রোববার (৭ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশনে জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলের তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, দেশের গণমাধ্যম খাত দ্রুত সম্প্রসারিত হচ্ছে। বিশেষ করে ডিজিটাল প্রযুক্তির বিকাশের ফলে অনলাইন সংবাদ পোর্টালের সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। এ অবস্থায় অনলাইন সংবাদমাধ্যমের নিবন্ধন, পরিচালনা, নীতিগত কাঠামো এবং পেশাদারিত্ব নিশ্চিত করতে সরকার নতুন নীতিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছে।

তিনি বলেন, “অনলাইন সংবাদ পোর্টালের নিবন্ধন ও পরিচালনা কার্যক্রম আরও সুশৃঙ্খল করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় নতুন নীতিমালা তৈরির কাজ করছে। এর মাধ্যমে গণমাধ্যম খাতে শৃঙ্খলা, জবাবদিহিতা এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পরিবেশ আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।”

ইয়াসের খান চৌধুরী আরও জানান, জেলা পর্যায়ের যেসব সংবাদপত্র দীর্ঘদিন ধরে নিয়মিত প্রকাশনা কার্যক্রম পরিচালনা করতে পারছে না কিংবা যাদের প্রকাশনা রেকর্ড দুর্বল, সেসব পত্রিকাকে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের (ডিএফপি) তালিকাভুক্তির বিষয়ে পুনর্মূল্যায়ন করা হচ্ছে।

সংসদে দেওয়া তথ্যমতে, বর্তমানে ঢাকা থেকে ৫৮৫টি দৈনিক পত্রিকা, ৩৬৩টি সাপ্তাহিক পত্রিকা এবং ২৯৬টি মাসিক পত্রিকা প্রকাশিত হচ্ছে। এর মধ্যে মিডিয়া তালিকাভুক্ত দৈনিক পত্রিকার সংখ্যা ২৮৮টি, সাপ্তাহিক ৫৬টি এবং মাসিক পত্রিকার সংখ্যা ২৩টি।

প্রতিমন্ত্রী বলেন, গণমাধ্যমের বিকাশ ও স্বাধীনতার পাশাপাশি পেশাদারিত্ব এবং দায়িত্বশীলতা নিশ্চিত করাও সরকারের অন্যতম লক্ষ্য। তথ্যপ্রযুক্তির এই যুগে দ্রুত ও নির্ভুল তথ্য পরিবেশনের পাশাপাশি অপতথ্য, গুজব এবং ভুয়া সংবাদের বিস্তার রোধে কার্যকর নীতিমালা প্রণয়ন সময়ের দাবি।

তিনি আশা প্রকাশ করেন, নতুন নীতিমালা বাস্তবায়নের মাধ্যমে অনলাইন সংবাদমাধ্যম খাতে আরও সুশাসন প্রতিষ্ঠিত হবে এবং পাঠকরা নির্ভরযোগ্য ও মানসম্মত সংবাদ সেবা পাবেন।