জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। বৈঠকে নির্বাচন-পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক চ্যালেঞ্জ, বাজেট, বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) সকালে জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা ইস্যু নিয়ে খোলামেলা মতবিনিময় হয়।
রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক ও অর্থনৈতিক কাউন্সেলর এরিক গিলান এবং রাজনৈতিক কর্মকর্তা হারমানোশি বার্নার্ড।
বৈঠকে নির্বাচন-পরবর্তী বাংলাদেশের সামগ্রিক রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, আসন্ন জাতীয় বাজেট, বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য সম্পর্ক, বিদেশি বিনিয়োগের সম্ভাবনা এবং দুই দেশের কূটনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
এছাড়া গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর বিকাশ, সুশাসন প্রতিষ্ঠা, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক সমসাময়িক নানা বিষয়ও আলোচনায় স্থান পায়। উভয় পক্ষই পারস্পরিক সম্মান, সহযোগিতা ও বোঝাপড়ার ভিত্তিতে বিদ্যমান সম্পর্ককে আরও গভীর ও কার্যকর করার আশাবাদ ব্যক্ত করেন।
বৈঠকে বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা টিমের সদস্য আলী আহমাদ মাবরুরও উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই বৈঠক বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ভবিষ্যৎ সহযোগিতা ও পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।