শেষ মুহূর্তের পেনাল্টিতে উজবেকিস্তানকে হারিয়ে আত্মবিশ্বাসী নেদারল্যান্ডস

বিশ্বকাপের আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে নাটকীয় জয় তুলে নিয়েছে নেদারল্যান্ডস। নিউইয়র্কের আইকান স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে উজবেকিস্তানকে ২-১ গোলে হারিয়েছে রোনাল্ড কোম্যানের দল। ডাচদের জয়ের নায়ক ছিলেন ফরোয়ার্ড কোডি গাকপো, যিনি দলের দুটি গোলই করেন।

ম্যাচের শুরু থেকেই বলের দখল ও আক্রমণে আধিপত্য বিস্তার করে নেদারল্যান্ডস। প্রথমার্ধের ৩২ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন গাকপো। এরপর দ্বিতীয়ার্ধে একাধিক সুযোগ তৈরি করলেও ব্যবধান বাড়াতে পারেনি ডাচরা।

ম্যাচের শেষদিকে নাটকীয়তা চরমে পৌঁছে। ৮৭ মিনিটে গোলের সুযোগ নষ্ট করতে গিয়ে হ্যান্ডবলের দায়ে লাল কার্ড দেখেন বদলি খেলোয়াড় গুস টিল। ফলে ১০ জনের দলে পরিণত হয় নেদারল্যান্ডস।

সংখ্যাগত সুবিধা কাজে লাগিয়ে অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে সমতায় ফেরে উজবেকিস্তান। আইগর সারগেভের গোলে ম্যাচে ফেরার স্বপ্ন দেখতে শুরু করে মধ্য এশিয়ার দলটি।

তবে শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নেয় নেদারল্যান্ডসই। যোগ করা সময়ের অষ্টম মিনিটে পাওয়া পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল করেন গাকপো। তার সেই গোলে ২-১ ব্যবধানে নাটকীয় জয় নিশ্চিত করে রোনাল্ড কোম্যানের শিষ্যরা।

বিশ্বকাপ শুরুর আগে আলজেরিয়ার বিপক্ষে হারের হতাশা কাটিয়ে এই জয় ডাচদের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দেবে বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা। কোচ রোনাল্ড কোম্যানও ম্যাচটিকে বিশ্বকাপের মূল একাদশের ‘ড্রেস রিহার্সাল’ হিসেবে বিবেচনা করেছিলেন।

আগামী ১৪ জুন ডালাস স্টেডিয়ামে জাপানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে নেদারল্যান্ডস।